একা হয়ে পড়বেন নেতানিয়াহু! ইরানে হামলার পরিণতি নিয়ে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি – এবেলা

এবেলা ডেস্কঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে স্পষ্ট সতর্কবার্তা দিয়ে বলেছেন, ইজরায়েল যদি ইরানের বিরুদ্ধে বড় আকারের সামরিক হামলা পুনরায় শুরু করে, তবে শীঘ্রই আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের একা হয়ে যেতে হবে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের এই মন্তব্য মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতে এক নতুন মাত্রা যোগ করেছে।
ট্রাম্প জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে নেতানিয়াহুকে বলেছেন, “বিবি, সাবধান থাকুন। এটাই চলতে থাকলে, শীঘ্রই আপনি একা হয়ে পড়বেন।” ট্রাম্পের এই বার্তার মূলে রয়েছে ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির ভবিষ্যৎ এবং যুক্তরাষ্ট্রের সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা।
উত্তেজনার পারদ ও মার্কিন প্রতিক্রিয়া
রবিবার লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহ-সংশ্লিষ্ট ঠিকানায় ইজরায়েলের হামলা এবং তার জবাবে ইজরায়েলের দিকে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, মধ্যপ্রাচ্য জুড়ে বড় যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে তুলেছে। এই প্রেক্ষাপটে ট্রাম্প ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছেন। তিনি নেতানিয়াহুকে জানিয়েছেন, আলোচনায় অগ্রগতি হতে পারে, তাই আরও হামলা এড়ানো উচিত। মার্কিন ও ইজরায়েলি কর্তাদের মতে, ট্রাম্প ইজরায়েলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দিলেও, ক্রমাগত প্রতিশোধমূলক হামলা বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন।
সীমিত হামলা ও যুদ্ধবিরতির শর্ত
ট্রাম্পের অসন্তোষ সত্ত্বেও, নেতানিয়াহু হোয়াইট হাউসকে জানিয়েছিলেন যে ইজরায়েল সীমিত সামরিক পদক্ষেপ নেবে, যার ফলস্বরূপ ইরানের বেশ কয়েকটি ঠিকানায় হামলা চালানো হয়। জবাবে ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে মার্কিন সামরিক বাহিনী সরাসরি হামলায় অংশ না নিলেও ইজরায়েলকে তা প্রতিহত করতে সাহায্য করে। এই ঘটনার পর ট্রাম্প আবারও ফোনে নেতানিয়াহুকে বড় ধরনের হামলা বন্ধ করার আহ্বান জানান। ইজরায়েলি আধিকারিকদের মতে, নেতানিয়াহু শর্ত সাপেক্ষে রাজি হয়েছেন যে, ইরান আরও হামলা থেকে বিরত থাকলে ইজরায়েলও বড় ধরণের হামলা চালাবে না। এদিকে, এক টেলিভিশন ভাষণে নেতানিয়াহু দাবি করেছেন, গত এক বছরে ইজরায়েল ইরানের সম্ভাব্য পারমাণবিক হুমকি প্রতিহত করেছে এবং ইরান ও হিজবুল্লাহকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করে দিয়েছে।
