একেবারে নাছোড় মনোজ! ‘ভোটচোর’ বলায় মহুয়াকে ১০ কোটির আইনি নোটিস, ২৪ ঘণ্টার সময়সীমা – এবেলা

এবেলা ডেস্কঃ
সমাজমাধ্যমে ‘ভোটচোর’ কটাক্ষ করার জেরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে কড়া আইনি নোটিস পাঠালেন রাজ্যের মুখ্যসচিব তথা প্রাক্তন মুখ্য নির্বাচনী অফিসার মনোজ অগ্রবাল। নোটিসে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে মহুয়াকে তাঁর বিতর্কিত দু’টি পোস্ট মুছে ফেলতে হবে এবং মানহানির ক্ষতিপূরণ হিসেবে ১০ কোটি টাকা দেওয়ার পাশাপাশি লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। প্রাক্তন সিইও-র আইনজীবীর দাবি, লক্ষ লক্ষ বৈধ ভোটারের অধিকার কেড়ে নেওয়ার যে ভিত্তিহীন অভিযোগ মহুয়া তুলেছেন, তাতে মনোজের সততা ও পেশাগত ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নোটিসের জবাব ও দাবি পূরণ না করা হলে দেওয়ানি এবং ফৌজদারি আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
তবে প্রশাসনিক কর্তার এই নজিরবিহীন আইনি পদক্ষেপের মুখে পড়েও নিজের অবস্থানে অনড় থেকেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। চরম হুঁশিয়ারি সত্ত্বেও এই নোটিসকে যে তিনি সামান্যতম তোয়াক্কা করছেন না, তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন মহুয়া মৈত্র। তিনি ইতিপূর্বে দাবি করেছিলেন, কমিশন ও আইনের নির্দেশ অমান্য করে বেআইনি কাজ করেছেন তৎকালীন সিইও, যার জবাব দেশের জনগণ তাঁর কাছ থেকে ছিনিয়ে নেবে। একসপ্তাহে মুখ্যসচিবের কঠোর সিদ্ধান্ত এবং পাল্টা মহুয়ার তোয়াক্কা না করার মনোভাব কেন্দ্র-রাজ্য প্রশাসনিক আইনি টানাপোড়েনকে আরও উসকে দিল। ১০ কোটি টাকার ক্ষতিপূরণ এবং ফৌজদারি পদক্ষেপের এই বার্তা রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।
