এপস্টাইন ফাইল বিতর্কে বড় জয় হরদীপ সিং পুরীর, মোদী সরকারের ক্লিনচিটে স্বস্তিতে বিজেপি শিবির – এবেলা
এবেলা ডেস্কঃ
February 28, 202610:12 am
জেফ্রি এপস্টাইন বিতর্কে নাম জড়িয়ে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছিল। ট্রাম্প, বিল গেটস বা স্টিফেন হকিংয়ের মতো বিশ্বখ্যাত ব্যক্তিত্বদের তালিকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর নাম আসায় শোরগোল শুরু হয়। বিশেষ করে কংগ্রেসের তরফে অভিযোগ আনা হয়েছিল যে, ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে কুখ্যাত অপরাধী এপস্টাইনের সঙ্গে হরদীপ সিংয়ের ৬২টি ইমেল আদান-প্রদান এবং ১৪টি বৈঠকের নথি রয়েছে। এই প্রেক্ষিতে তাঁর পদত্যাগের দাবিতে সরব হয়েছিল বিরোধী শিবির।
তবে যাবতীয় জল্পনা ও বিতর্কের অবসান ঘটিয়ে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীকে বড় স্বস্তি দিল কেন্দ্র। সরকারি সূত্রের খবর, পেট্রোলিয়াম মন্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি খতিয়ে দেখতে অভ্যন্তরীণ পর্যালোচনা চালানো হয়। রেকর্ড করা হয় মন্ত্রীর বয়ানও। দীর্ঘ অনুসন্ধানের পর কেন্দ্রের তরফে জানানো হয়েছে, হরদীপের বিরুদ্ধে কোনও অপরাধমূলক বা আপত্তিকর প্রমান মেলেনি। ফলে মন্ত্রিসভা থেকে তাঁকে অপসারণের কোনও প্রশ্নই ওঠে না বলে সাফ জানিয়ে দিয়েছে নয়াদিল্লি।

