এপস্টিন বিতর্ক: দিল্লি হাইকোর্টের নির্দেশে স্বস্তিতে কেন্দ্রীয় মন্ত্রীর কন্যা হিমায়নী পুরী – এবেলা
এবেলা ডেস্কঃ
যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত জেফ্রি এপস্টিনের সঙ্গে নাম জড়িয়ে কুৎসা রটানোর মামলায় বড়সড় স্বস্তি পেলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর কন্যা হিমায়নী পুরী। মঙ্গলবার দিল্লি হাইকোর্ট এক অন্তর্বর্তীকালীন আদেশে জানিয়েছে, হিমায়নীকে লক্ষ্য করে তৈরি করা সমস্ত বিতর্কিত অনলাইন কনটেন্ট অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, আবেদনকারীর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো প্রাথমিকভাবে ভিত্তিহীন এবং এই নির্দেশ আপাতত ভারতের ভৌগোলিক সীমানার মধ্যে কার্যকর হবে।
শুনানি চলাকালীন আদালত মধ্যস্থতাকারী অনলাইন প্ল্যাটফর্মগুলোকে নির্দেশ দিয়েছে যে, চিহ্নিত করা কনটেন্টগুলো ২৪ ঘণ্টার মধ্যে মুছে ফেলতে হবে। হিমায়নীর আইনজীবীর দাবি, তাঁর মক্কেলের সামাজিক সম্মানহানি করতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ‘পরিকল্পিত আক্রমণ’ চালানো হয়েছে। একজন কুখ্যাত অপরাধীর সঙ্গে মিথ্যে যোগসূত্র স্থাপন করে ছড়ানো এই তথ্যের কোনো বাস্তব ভিত্তি নেই বলেও তিনি আদালতকে জানান।
অন্যদিকে, মেটা-সহ বিভিন্ন প্ল্যাটফর্ম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত। বিশ্বজুড়ে এই কনটেন্ট সরানোর (গ্লোবাল টেকডাউন) বিষয়ে আইনি জটিলতা থাকলেও, ভারতীয় এক্তিয়ারে থাকা সমস্ত বিতর্কিত পোস্ট সরানোর নির্দেশ স্পষ্ট করা হয়েছে। আদালত জানিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে বিবাদী পক্ষকে তাদের জবাব দাখিল করতে হবে এবং পরবর্তী শুনানিতে বিশ্বব্যাপী কনটেন্ট অপসারণের বিষয়টি খতিয়ে দেখা হবে।

