এবার তালিকায় খোদ সুদীপ! ২০ বিদ্রোহী তৃণমূল সাংসদের চিঠি সোমবার ওম বিড়লাকে? – এবেলা

এবেলা ডেস্কঃ
নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের পর থেকেই চরম রাজনৈতিক ডামাডোল চলছে তৃণমূলের অন্দরে। একের পর এক সাংসদ ও বিধায়কের ‘বেসুরো’ মন্তব্য ঘাসফুল শিবিরের অস্বস্তি বাড়াচ্ছিল। তবে এবার যা ঘটল, তা একপ্রকার কল্পনাতীত। সূত্রের খবর, তৃণমূলের বিদ্রোহী সাংসদদের তালিকায় এবার নিজের নাম লিখিয়ে ফেললেন খোদ প্রবীণ নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়!
রাজনৈতিক মহলে জল্পনা, শনিবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে গিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় নাকি বিদ্রোহীদের চিঠিতে সইও করে এসেছেন। হেভিওয়েট এই নেতার যোগদানের ফলে তৃণমূলের বিদ্রোহী লোকসভা সাংসদদের সংখ্যা একলাফে বেড়ে দাঁড়াল ২০-তে।
দলের এই বড়সড় ভাঙন এখন কেবল সময়ের অপেক্ষা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সূত্রের দাবি, আগামী সোমবারই এই ২০ জন বিদ্রোহী তৃণমূল সাংসদ লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে গিয়ে তাঁদের চিঠি জমা দিতে পারেন। যদি এই খবর সত্যি হয়, তবে লোকসভায় তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলে যে এক অভূতপূর্ব ধস নামতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
