এবার পাড়ায় মিলবে ডাক্তার! মমতার ইশতেহারে বড় চমক ‘দুয়ারে চিকিৎসা’ – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে একগুচ্ছ নতুন প্রতিশ্রুতি নিয়ে ইশতেহার প্রকাশ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘১০ প্রতিজ্ঞা’-র মাধ্যমে জনকল্যাণমূলক একগুচ্ছ কর্মসূচির ঘোষণা করেছে শাসকদল। তবে সবকটি প্রতিশ্রুতির মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে ‘দুয়ারে চিকিৎসা’ প্রকল্প।
সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যজুড়ে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি আগের মতোই বজায় থাকবে। তবে এবার তার সঙ্গে যুক্ত হচ্ছে নতুন মাত্রা। পাড়া ও ব্লক স্তরে বিশেষ ক্যাম্প করে সাধারণ মানুষের ঘরের দোরগোড়ায় সরাসরি স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য। তৃণমূল সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকায় অত্যন্ত সফল ‘সেবাশ্রয়’ উদ্যোগের আদলেই রাজ্যজুড়ে এই নতুন প্রকল্প গড়ে তোলা হতে পারে।
এই প্রকল্পের অধীনে চোখের সমস্যা, রক্তচাপ, ডায়াবেটিস থেকে শুরু করে জটিল রোগের প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ মিলবে। এমনকি হৃদরোগ বা স্নায়ুর জটিল অস্ত্রোপচারের ক্ষেত্রেও বিশেষ সহায়তার রূপরেখা থাকছে এই পরিকল্পনায়। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, কোনো বাধাই জনসেবার এই কাজ থামাতে পারবে না। নির্বাচনের আগে সরাসরি মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার এই মাস্টারস্ট্রোক রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

