লেটেস্ট নিউজ

এসআইআর তালিকা প্রকাশ: ১১৬ দিনের আন্দোলনে লাভ-ক্ষতির সমীকরণে কোন পাল্লা ভারী? – এবেলা

এবেলা ডেস্কঃ

শনিবার প্রকাশিত হতে চলেছে এসআইআর-এর চূড়ান্ত তালিকা। গত ৪ নভেম্বর থেকে শুরু হওয়া দীর্ঘ ১১৬ দিনের এই প্রক্রিয়ায় রাজনৈতিক ঘাত-প্রতিঘাত ও আইনি লড়াইয়ের পর স্পষ্ট হবে ভোটার তালিকায় কাদের নাম থাকছে। এই দীর্ঘ সময়ে রাজপথে লাগাতার আন্দোলন চালিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তালিকা প্রকাশের প্রাক্কালে এখন বড় প্রশ্ন— এই দীর্ঘ আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের রাজনৈতিক লাভ কতটা হলো, আর লোকসানের অঙ্কই বা কী?

তৃণমূল শিবিরের মতে, এই আন্দোলনের ফলে বুথ স্তর পর্যন্ত দলীয় সংগঠন সক্রিয় হয়েছে, যা আসন্ন নির্বাচনের আগে একটি সফল ‘টেস্ট পরীক্ষা’। জোড়াসাঁকো থেকে রেড রোড পর্যন্ত মিছিলে বাঙালি আবেগ ও সংবিধান রক্ষার বার্তা দিয়ে জনমানসে পৌঁছানো সম্ভব হয়েছে বলে দাবি দলীয় নেতৃত্বের। তবে অন্দরে কিছুটা উদ্বেগও রয়েছে। বিশেষ করে মেরুকরণ ও শহরাঞ্চলে ভোটারদের নথি সংক্রান্ত জটিলতা নিয়ে সংশয় কাটেনি।

বিজেপি অবশ্য এখনই কোনো সমীকরণে যেতে নারাজ। গেরুয়া শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, তালিকা প্রকাশের পরেই প্রকৃত পরিস্থিতি বিচার করা হবে। অন্যদিকে, তৃণমূলের একাংশ মনে করছে, এসআইআর ইস্যুটিকে সামনে রেখে সরকার-বিরোধী প্রতিষ্ঠান-বিরোধী হাওয়াকে কিছুটা আড়াল করা গিয়েছে। সব মিলিয়ে, শনিবারের তালিকার ওপরই নির্ভর করছে রাজ্যের আগামী রাজনৈতিক গতিপ্রকৃতি এবং দলগুলোর ভবিষ্যৎ কৌশল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *