লেটেস্ট নিউজ

এসআইআর পর্বে মৃতদের পরিবারে সরকারি চাকরি ও মেগা প্রকল্পের ঘোষণা – এবেলা

এবেলা ডেস্কঃ

বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসআইআর (SIR) প্রক্রিয়া চলাকালীন আতঙ্ক বা মানসিক চাপে মৃত এবং আত্মহত্যা করা ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। তালিকাভুক্ত ৬০টি পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী মার্চ মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।

শিক্ষাক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার ‘স্কুল মান উন্নয়ন’ প্রকল্পের ঘোষণা করেছেন মন্ত্রী ব্রাত্য বসু। এশীয় উন্নয়ন ব্যাঙ্কের আর্থিক সহায়তায় রাজ্যের ৪৩০টি ব্লকে তৈরি হবে বিশ্বমানের আধুনিক মডেল স্কুল। এর মাধ্যমে আধুনিক গ্রন্থাগার ও উন্নত স্যানিটারি ব্যবস্থা সুনিশ্চিত করে শিক্ষাক্ষেত্রে বাংলার অবস্থানকে আরও মজবুত করতে চায় রাজ্য সরকার।

কৃষকদের স্বার্থ রক্ষায় আলু চাষিদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করেছেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। আগামী মার্চ মাস থেকে সরাসরি চাষিদের থেকে ৯.৫০ টাকা কেজি দরে আলু কিনবে সরকার। ২০২৫-২৬ মরসুমেও এই ন্যূনতম সহায়ক মূল্য বজায় থাকবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও বাঁকুড়া-সহ বিভিন্ন জেলার ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এই সরকারি সিদ্ধান্তের ফলে বিশেষভাবে উপকৃত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *