‘ও নতুন জীবন পেল…’ ৯ দিনের প্রার্থনার জয়, ত্রিশূলি সুড়ঙ্গে অলৌকিক প্রত্যাবর্তন – এবেলা

এবেলা ডেস্কঃ
September 5, 202610:33 am
নেপালের ভয়াবহ হড়পা বানের ৯ দিন পর ত্রিশূলি ৩এ (Trishuli 3A) জলবিদ্যুৎ প্রকল্পের অন্ধকার সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে অলৌকিকভাবে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া দুই ব্যক্তি হলেন মেকানিক্যাল সুপারভাইজার কবীর মহর্জন এবং তাঁর সহকর্মী সঞ্জয় সাহ। মৃত্যুর মুখ থেকে স্বামীকে ফিরে পেয়ে অশ্রুসজল চোখে কবীরের স্ত্রী হীরা শোভা বলেন, “ও একদম নতুন জীবন নিয়ে ফিরে এসেছে।”
গত ২৬ অগস্ট জলবিদ্যুৎ প্রকল্পে কাজ চলার সময় আচমকাই আছড়ে পড়ে রাক্ষুসে হড়পা বান। এর পর থেকেই সুড়ঙ্গে আটকে নিখোঁজ হয়ে যান প্রায় ৪০ জন শ্রমিক। সময় গড়ালেও আশা ছাড়েননি কবীরের স্ত্রী হীরা। নাওয়া-খাওয়া ভুলে একটানা প্রার্থনা করে গিয়েছেন স্বামীর জন্য। অবশেষে শুক্রবার সুড়ঙ্গের গভীর থেকে উদ্ধারকারীরা হঠাৎ মানুষের গলার আওয়াজ পান। সঙ্গে সঙ্গে শুরু হয় তৎপরতা এবং দীর্ঘ ৯ দিনের অন্ধকার কাটিয়ে বের করে আনা হয় কবীর ও সঞ্জয়কে। দু’জনকেই আশঙ্কাজনক অবস্থায় দ্রুত চিকিৎসার জন্য কাঠমান্ডুতে পাঠানো হয়েছে।
এই খবর ছড়িয়ে পড়তেই অন্যান্য নিখোঁজ শ্রমিকদের পরিবারেও আশার নতুন আলো জাগে। তবে পরবর্তীতে নেপালের সশস্ত্র বাহিনীর সদস্য অম্বর মাহাত জানান, সুড়ঙ্গে আরও গভীর তল্লাশি চালিয়ে নতুন করে কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি। তবে ভিতর থেকে এক কর্মীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যাঁর পরিচয় এখনও অস্পষ্ট।
শুক্রবার দু’জনকে উদ্ধার করা গেলেও বাকি ৩৭ জন শ্রমিকের কোনও খবর না মেলায় দিন শেষে ফের উৎকণ্ঠা বেড়েছে স্বজনদের মনে। তবে হীরার মতোই অনেকে এখনও অলৌকিক কিছু ঘটার অপেক্ষায় প্রহর গুনছেন।
