ওজন কমালে তবেই ডিউটি, ফিটনেস বজায় রাখতে এয়ার ইন্ডিয়ার কড়া নির্দেশিকা – এবেলা
এবেলা ডেস্কঃ
কেবিন ক্রুদের শারীরিক সক্ষমতা ও পেশাদারিত্ব বজায় রাখতে কঠোর ফিটনেস নীতি কার্যকর করল এয়ার ইন্ডিয়া। নতুন নিয়ম অনুযায়ী, ক্রু সদস্যদের বডি মাস ইনডেক্স (BMI) ১৮ থেকে ২৪.৯-এর মধ্যে থাকাকে স্বাভাবিক ধরা হবে। তবে কোনো কর্মীর বিএমআই ৩০-এর বেশি হলে তাকে স্থূল হিসেবে গণ্য করে ডিউটি থেকে সরিয়ে দেওয়া হতে পারে। এমনকি নির্দিষ্ট সময়ের মধ্যে ওজন নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরাসরি বেতন কাটার মতো কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।
টাটা গোষ্ঠীর অধীনে আসার পর থেকেই এয়ার ইন্ডিয়ায় আমূল পুনর্গঠন প্রক্রিয়া চলছে। এরই অংশ হিসেবে প্রশিক্ষণরত কর্মী থেকে শুরু করে অভিজ্ঞ ক্রু—সবার জন্যই এই স্বাস্থ্যবিধি বাধ্যতামূলক করা হয়েছে। কর্তৃপক্ষের মতে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো কর্মীদের মধ্যে সুস্থ জীবনধারা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। ওজনের মানদণ্ড যাচাই করতে মাঝেমধ্যেই আকস্মিক শারীরিক পরীক্ষার মুখোমুখি হতে হবে কর্মীদের, যা নিয়ে বর্তমানে সংশ্লিষ্ট মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
সংস্থার অভ্যন্তরীণ নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে যে, ১৮-র কম বা ৩০-এর বেশি বিএমআই থাকা কর্মীদের চিকিৎসাগত মূল্যায়ন ও কার্যকারিতা যাচাই করা হবে। যারা নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হবেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হবে। গত চার বছরে পুরনো কর্মীদের একটি বড় অংশকে অব্যাহতি দেওয়ার পর এবার ফিটনেস নিয়ে এয়ার ইন্ডিয়ার এই অনমনীয় অবস্থান বিমান পরিষেবা শিল্পে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

