ওড়িশায় ক্রস ভোটিংয়ের জের তিন বিধায়ককে বহিষ্কার করল কংগ্রেস – এবেলা
এবেলা ডেস্কঃ
ওড়িশায় রাজ্যসভা নির্বাচনে দলীয় নির্দেশ অমান্য করে ক্রস ভোটিংয়ের অভিযোগে তিন বিধায়ককে বহিষ্কার করল কংগ্রেস। বহিষ্কৃতরা হলেন সানা খেমুন্ডির বিধায়ক রমেশ জানা, মোহনার দশরাথ গোমাঙ্গ এবং বারাবতী কটকের সোফিয়া ফিরদৌস। ওড়িশা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে এই কড়া সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
অভিযোগ উঠেছে, দলীয় সিদ্ধান্তের তোয়াক্কা না করে ওই তিন বিধায়ক বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী দিলীপ রায়কে ভোট দিয়েছেন। নির্বাচনের আগে থেকেই এই ধরনের ঘটনার ইঙ্গিত মিলেছিল, যা শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হলো। কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দল এবং ক্রস ভোটিংয়ের এই ঘটনা রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
প্রদেশ কংগ্রেস সভাপতি ভক্তচরণ দাস এই ঘটনাকে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, বিধায়কদের এমন আচরণ দলের জন্য অপ্রত্যাশিত ছিল। শৃঙ্খলাভঙ্গের দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে এই পদক্ষেপের মাধ্যমে কংগ্রেস হাইকম্যান্ড কড়া বার্তা দিল। আপাতত দলীয় সদস্যপদ হারিয়ে ওই তিন বিধায়ক রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়লেন।

