ওড়িশায় বাংলাদেশি সন্দেহে ফের বাঙালি শ্রমিকের হাত-পা ভাঙল উন্মত্ত জনতা, আতঙ্কে মালদহ – এবেলা
এবেলা ডেস্কঃ
মুর্শিদাবাদের জুয়েল রানাকে পিটিয়ে খুনের রেশ কাটতে না কাটতেই ফের ওড়িশার সম্বলপুরে আক্রান্ত হলেন বাংলার এক যুবক। স্রেফ বাংলায় কথা বলার অপরাধে বাংলাদেশি সন্দেহে মালদহের বৈষ্ণবনগর থানার আকিউর রহমানকে নির্মমভাবে মারধর করার অভিযোগ উঠেছে।
আক্রান্ত আকিউর পেশায় রাজমিস্ত্রি। বর্তমানে তিনি সম্বলপুরের একটি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। আকিউরের দাদা ইরফান শেখ জানান, কাজ সেরে ফেরার পথে একদল লোক তাঁকে ঘিরে ধরে। আকিউর বারবার নিজের ভারতীয় পরিচয়পত্র এবং আধার কার্ড দেখানোর চেষ্টা করলেও আক্রমণকারীরা তা শুনতে চায়নি। উল্টে তাঁকে বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে দেগে দিয়ে লাঠি ও রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। এতে তাঁর হাত ও পা ভেঙে গিয়েছে।
পরপর দু’টি এই ধরনের ঘটনায় ওড়িশায় কর্মরত বাংলার শ্রমিকদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। মালদহের ওই যুবককে দ্রুত রাজ্যে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

