ওড়িশায় হাড়হিম করা অপরাধ: গণধর্ষণ ও নৃশংস খুনের শিকার তরুণী – এবেলা
এবেলা ডেস্কঃ
ওড়িশার জগৎসিংহপুরে এক ২৩ বছর বয়সী তরুণীকে পর পর দুবার ধর্ষণ ও নৃশংসভাবে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, গত ২২ ফেব্রুয়ারি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই তরুণীকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে তার প্রেমিক। এরপর নির্যাতিতা বাসস্ট্যান্ডে সাহায্যপ্রার্থী হলে, ঝাড়খণ্ডের এক ব্যক্তি তাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার নাম করে ফের ধর্ষণ করে। পরে তাকে একটি চারতলা বাড়ির ছাদ থেকে নিচে ফেলে দিয়ে হত্যা করা হয়।
ঘটনার তদন্তে নেমে পুলিশ দুই অভিযুক্তকেই গ্রেপ্তার করেছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) একাধিক ধারায় অপহরণ, ধর্ষণ ও খুনের মামলা রুজু হয়েছে। পুলিশ সুপার অঙ্কিত কুমার বর্মা জানিয়েছেন, ঘটনার পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। মৃতার ভাইয়ের অভিযোগের ভিত্তিতে পারাদ্বীপ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে এবং ফরেনসিক রিপোর্টের অপেক্ষা করছে প্রশাসন।
এই নারকীয় ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা নবীন পট্টনায়ক। তিনি রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি নিয়ে প্রশ্ন তুলে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত চার্জশিট পেশ করার আশ্বাস দেওয়া হয়েছে। এই ঘটনাটি ওড়িশায় নারী নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

