ওমান সাগরে তেলবাহী জাহাজে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জারি হাই অ্যালার্ট – এবেলা

ওমান সাগরে তেলবাহী জাহাজে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জারি হাই অ্যালার্ট – এবেলা

এবেলা ডেস্কঃ

নয়াদিল্লি: গালফ বা পারস্য উপসাগরীয় অঞ্চলে আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্য পথগুলোতে তৈরি হয়েছে তীব্র যুদ্ধ পরিস্থিতি। এই উত্তেজনার মাঝেই ওমান সাগরে একটি তেলবাহী জাহাজে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে, যাতে ৩ জন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর গালফ অঞ্চলে থাকা ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশের সামুদ্রিক স্বার্থ রক্ষায় যুদ্ধকালীন তৎপরতায় বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। হরমুজ প্রণালী ও ওমান উপসাগরের মতো অতি সংবেদনশীল এলাকাগুলোতে এখন ২৪ ঘণ্টা কড়া নজরদারি চালানো হচ্ছে।

ওমান উপকূলে মাঝসমুদ্রে হামলা:

গত ১০ই জুন, ওমানের সোহার শহর থেকে ২০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে ‘পলাউ’ (Palau)-এর পতাকা লাগানো ‘এম.টি. সেটটাবেলো’ (MT Settabello) নামক একটি মাঝারি সারির তেলবাহী ট্যাঙ্কারের ওপর আচমকাই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। জাহাজটিতে ২৪ জন ভারতীয়সহ মোট ২৮ জন কর্মী ছিলেন। হামলার পর প্রথমে নিখোঁজ থাকা ৩ জন ভারতীয় নাবিকের নিথর দেহ উদ্ধার করা হয়েছে এবং সরকারিভাবে তাঁদের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। বাকি কর্মীদের অবশ্য সুরক্ষিতভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে।

১০ লাখ টাকার আর্থিক সাহায্য ঘোষণা:

এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় জাহাজ ও নৌপরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। নিহত নাবিকদের মরদেহ পূর্ণ মর্যাদার সাথে দেশে ফিরিয়ে আনা এবং অক্ষত উদ্ধার হওয়া ভারতীয়দের দ্রুত স্বদেশে ফেরানোর জন্য তিনি কর্মকর্তাদের কড়া নির্দেশ দিয়েছেন। মোদী সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে আশ্বাস দিয়ে তিনি ‘সিফেয়ারার্স ওয়েলফেয়ার ফান্ড সোসাইটি’-র মাধ্যমে নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন।

নাবিকদের জন্য হাই অ্যালার্ট ও ২৪ ঘণ্টার ইমার্জেন্সি হেল্পলাইন:

গালফ অঞ্চলে বাড়তে থাকা ভূ-রাজনৈতিক উত্তেজনা ও বাণিজ্যিক জাহাজে এই হামলার ঘটনা বিশ্ব জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে ওই বিপজ্জনক সামুদ্রিক রুট দিয়ে যাতায়াত করা সমস্ত ভারতীয় নাবিকদের চরম সতর্ক থাকার নির্দেশ দিয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ শিপিং (DGS)। নাবিক ও তাঁদের পরিবারের সহায়তার জন্য ২৪ ঘণ্টার জরুরি হেল্পডেস্ক এবং যোগাযোগ কেন্দ্র চালু করা হয়েছে।

যেকোনো জরুরি প্রয়োজনে যোগাযোগের নম্বর ও ইমেল:

  • ইমেল: dgcommcentre-dgs@nic.in / enavik.24×7@gov.in
  • হোয়াটসঅ্যাপ ও কল করার নম্বর: +91 8657549760 / +91 8655856830
  • বিকল্প নম্বর: +91 2222613606, +91 8657549752
  • টোল-ফ্রি নম্বর (ভারত): 1800-889-7768
  • আন্তর্জাতিক টোল-ফ্রি নম্বর: +1-888-988-0256

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *