ওয়ার্ড বিন্যাসে চরম বিভ্রান্তি! কলকাতা পুরসভার খসড়া তালিকা নিয়ে বিস্ফোরক অভিযোগ সিপিএমের – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা পুরসভার ২০৯টি ওয়ার্ডের নতুন খসড়া তালিকা প্রকাশ পেতেই রাজ্য রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে। ওয়ার্ড পুনর্বিন্যাসে রাস্তার নাম ও সীমানা সঠিকভাবে উল্লেখ না করার অভিযোগ তুলেছে সিপিএম। তাদের দাবি, খসড়া প্রস্তাবে উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম দিকের সীমানা নির্ধারণে গলদ থাকায় সাধারণ মানুষের মধ্যে মারাত্মক বিভ্রান্তি তৈরি হচ্ছে। পাশাপাশি, নতুন ওয়ার্ডের ভৌগোলিক মানচিত্র এবং বিধানসভা এলাকার বুথ নম্বর বাদ থাকায় গোটা প্রক্রিয়াটি নিয়েই প্রশ্ন তুলেছেন বাম নেতারা।
অন্যদিকে, বিকল্প প্রস্তাব জমা দেওয়ার সময়সীমা অত্যন্ত কম রাখা হয়েছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে দল। রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট পক্ষগুলিকে এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় এখনও যুক্ত না করা এবং গণশুনানির বিজ্ঞপ্তি জারি না করার কঠোর সমালোচনা করা হয়েছে। অবিলম্বে প্রস্তাব জমা দেওয়ার সময়সীমা অন্তত দশ দিন বাড়ানো এবং সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে জরুরি বৈঠক ডাকার জোরালো দাবি জানিয়েছে সিপিএম।
