ওসমান হাদি হত্যা মামলা: দুই বাংলাদেশি অভিযুক্তকে ১১ দিনের এনআইএ হেফাজত – এবেলা
এবেলা ডেস্কঃ
বাংলাদেশের জনপ্রিয় ছাত্রনেতা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার ষড়যন্ত্রের তদন্তে বড় পদক্ষেপ নিল ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। বৃহস্পতিবার দিল্লির একটি আদালত এনআইএ-র আবেদন মঞ্জুর করে ধৃত দুই বাংলাদেশি নাগরিক, ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং আলমগীর হোসেনকে ১১ দিনের হেফাজতে পাঠিয়েছে। হাদি হত্যার নেপথ্যে থাকা মূল পরিকল্পনাকারীদের চিহ্নিত করতে ধৃতদের বিশদ জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে আদালতে জানান সরকারি আইনজীবী।
এর আগে গত ৭ মার্চ পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত থেকে রাজ্য পুলিশের এসটিএফ এই দুই অভিযুক্তকে গ্রেফতার করে। তদন্তে জানা গেছে, মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে তাঁরা দেশের বিভিন্ন প্রান্তে আত্মগোপন করেছিলেন। পুনরায় বাংলাদেশে পালানোর সময় পুলিশ তাঁদের পাকড়াও করে। এই ঘটনায় ফিলিপ সাংমা নামে এক দালালকেও গ্রেফতার করা হয়েছে, যে তাঁদের ভারতে প্রবেশে সহায়তা করেছিল বলে অভিযোগ।
গত ডিসেম্বরে বাংলাদেশে একটি জনসভায় ওসমান হাদিকে গুলি করা হলে সিঙ্গাপুরের হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যে চার্জশিট জমা দিয়েছিল, তাতে ফয়সাল এবং আলমগীরকে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। এনআইএ এখন এই আন্তর্জাতিক অপরাধের শিকড় অনুসন্ধানে ধৃতদের জেরা করবে।

