লেটেস্ট নিউজ

কংগ্রেস ছেড়ে বিজেপিতে ভূপেন বোরা, নির্বাচনের আগে আসামে বড় ধাক্কা বিরোধী শিবিরের

আসামে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় ভাঙনের মুখে পড়ল কংগ্রেস। রবিবার গুয়াহাটিতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ সাইকিয়ার হাত ধরে পদ্ম শিবিরে যোগ দিলেন আসাম প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভূপেন বোরা। গত সপ্তাহে দল থেকে ইস্তফা দেওয়ার পর রাহুল গান্ধীসহ শীর্ষ নেতৃত্ব তাঁকে বোঝানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার উপস্থিতিতে তিনি গেরুয়া পতাকা হাতে তুলে নেন। তাঁর সঙ্গে সঞ্জু বড়ুয়া ও সর্বনারায়ণ দেউরির মতো তরুণ নেতারাও এদিন বিজেপিতে শামিল হয়েছেন।

দলত্যাগের পরেই পুরনো দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন ভূপেন বোরা। তিনি অভিযোগ করেন, বর্তমানে আসাম কংগ্রেস সাংসদ গৌরব গগৈ এবং রকিবুল হোসেনের দ্বারা প্রভাবিত হয়ে কেবল তুষ্টিকরণের রাজনীতিতে মগ্ন। তাঁর দাবি, কংগ্রেসের মূল লক্ষ্য এখন কেবল মুসলিম অধ্যুষিত ২৫টি আসন দখল করা। দলের সঙ্গে তাঁর আলোচনা ব্যর্থ হয়েছে কারণ তিনি বেশ কিছু অস্বস্তিকর প্রশ্ন তুলেছিলেন যা বর্তমান নেতৃত্ব এড়িয়ে গিয়েছে।

নির্বাচনী লড়াইয়ের ক্ষেত্রেও কংগ্রেসের কঙ্কালসার দশা প্রকাশ করেছেন এই হেভিওয়েট নেতা। তিনি কটাক্ষ করে বলেন, আসামে ভোট লড়ার মতো নূন্যতম অর্থও কংগ্রেসের তহবিলে নেই, যার ফলে তারা সম্ভাব্য প্রার্থীদের কাছ থেকে টাকা আদায় করছে। আসন্ন নির্বাচনে কংগ্রেসের শোচনীয় পরাজয় নিশ্চিত দাবি করে তিনি জানান, আরও প্রায় ৬০০ জন টিকিটপ্রার্থী বিজেপিতে যোগ দিতে আগ্রহী। মূলত দেশের উন্নয়নের স্বার্থে এবং অমিত শাহের আদর্শে অনুপ্রাণিত হয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *