কঙ্গোয় ইবোলার তাণ্ডব: দ্রুত গতিতে বাড়ছে সংক্রমণ, মৃত প্রায় ৩ হাজার! – এবেলা

এবেলা ডেস্কঃ
কঙ্গোয় ভয়াবহ রূপ নিচ্ছে ইবোলা, মৃতের সংখ্যা প্রায় ৩ হাজার
আন্তর্জাতিক পত্রিকা ‘নেচার মেডিসিন’-এর সতর্কবার্তাকে সত্যি প্রমাণিত করে আফ্রিকা মহাদেশে এবার আরও ভয়ংকর রূপ ধারণ করেছে ইবোলা ভাইরাস। কঙ্গো প্রশাসনের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ইতিহাসের অন্যতম দ্রুত সংক্রামক এই প্রজাতিতে ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৯১১-এ, এবং সুস্থ হয়েছেন ১,৩৬০ জন।
চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে ছড়াতে শুরু করা এই ‘বুন্ডিবুজিও’ নামক নতুন স্ট্রেনটির কোনো প্রতিষেধক এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। পূর্বের ভ্যাক্সিনগুলোও এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে অকার্যকর প্রমাণিত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মতে, এটি ইবোলার এ যাবৎকালের সবচেয়ে প্রাণঘাতী রূপ, যা কেবল মানুষের মাধ্যমেই নয়, সংক্রামিত প্রাণীর দেহ থেকেও দ্রুত ছড়াচ্ছে।
সংক্রমিত ব্যক্তির স্পর্শ, হাঁচি, কাশি, ক্ষতস্থান বা মুখ-চোখের মাধ্যমে এমনকি আক্রান্ত প্রাণীর মাংস খেলেও ছড়িয়ে পড়তে পারে এই মারণ ভাইরাস। আক্রান্ত হওয়ার মাত্র তিন দিনের মধ্যেই রোগীর মৃত্যুর ঝুঁকি থাকছে। মে মাসে প্রথম উদ্বেগের সৃষ্টি হলেও, মাত্র তিন মাসের মধ্যে কঙ্গো সীমান্ত পেরিয়ে প্রতিবেশী উগান্ডাতেও আতঙ্ক সৃষ্টি করেছে এই ভাইরাস। সব মিলিয়ে মধ্য আফ্রিকায় পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে।
