কপ্টারেই ওড়ালেন ১০০ কোটি! অভিষেকের বিপুল খরচে তৃণমূলের ভাঁড়ে মা ভবানী, ক্ষোভে ফুঁসছে দল – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: দলের অন্দরে এবার চরম ডামাডোল! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিলাসবহুল বিমান ও হেলিকপ্টার যাত্রা নিয়ে খোদ তৃণমূল কংগ্রেসের (TMC) অন্দরেই এবার তীব্র ক্ষোভের আগুন জ্বলছে। খরচের বহর এতটাই যে, আর্থিক সংকটে পড়ে ধৃত কর্মীদের আইনি খরচটুকুও মেটাতে পারছে না শাসকদল। আর এই পুরো পরিস্থিতির জন্য সরাসরি আঙুল উঠছে অভিষেকের দিকেই।
‘গ্রেফতার হলেই ভালো হয়!’
দলের কোষাগারের এই বেহাল দশা এবং নিচুতলার কর্মীদের প্রতি বঞ্চনার জেরে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, দলেরই বিদ্রোহী একাংশ আড়ালে-আবডালে চরম মন্তব্য করতে শুরু করেছেন। তাঁদের মতে, বিপুল টাকা উড়িয়ে দলকে বিপদে ফেলার চেয়ে “ওকে (অভিষেক) গ্রেফতার করলেই বরং ভালো হয়।”
আর্থিক ঘাটতি ও ১০০ কোটির ধাক্কা:
দলীয় সূত্রে খবর, পরপর দুটি অর্থবর্ষে শুধুমাত্র বিমান ও হেলিকপ্টার ভাড়াতেই তৃণমূলের খরচ হয়েছে প্রায় ১০০ কোটি টাকা! আর এই খরচের সিংহভাগই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বলে অভিযোগ। এই আকাশছোঁয়া খরচের জেরে দল বর্তমানে চরম আর্থিক ঘাটতির মুখে পড়েছে।
পরিসংখ্যান বলছে, ২০২৪-২৫ অর্থবর্ষে তৃণমূলের মোট আয়ের (২১৯ কোটি টাকা) তুলনায় ব্যয় হয়েছে প্রায় ৮ কোটি টাকা বেশি (২২৭ কোটি টাকা)। নেতাদের এই লাগামছাড়া কপ্টার বিলাস দলের কোষাগারকে তলানিতে এনে ঠেকিয়েছে বলেই এখন সরব হয়েছেন দলেরই ক্ষুব্ধ কর্মীরা।
