কফির আড্ডায় ফিরছেন করণ জোহর! নবম সিজন নিয়ে বড় চমকের ইঙ্গিত

কফির আড্ডায় ফিরছেন করণ জোহর! নবম সিজন নিয়ে বড় চমকের ইঙ্গিত

বলিউডের অন্দরের হাঁড়ির খবর আর তারকাদের ব্যক্তিগত জীবনের অজানা গসিপ নিয়ে আবারও ফিরছে ‘কফি উইথ করণ’। জনপ্রিয় এই টক শো-এর নবম সিজন নিয়ে ইতিমধ্যেই বিনোদন জগতে জোর গুঞ্জন শুরু হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষেই ওটিটি প্ল্যাটফর্ম জিও হটস্টারে প্রিমিয়ার হতে পারে নতুন সিজনের। যদিও বর্তমানে নির্মাতাদের সাথে আলোচনা প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে করণের কফির আড্ডার ফেরার খবরে দারুণ উচ্ছ্বসিত ভক্তমহল।

শোনা যাচ্ছে, দর্শকদের পরিবর্তিত রুচির কথা মাথায় রেখে সিজন ৯-এর ফরম্যাটে বড়সড় রদবদল আনতে চলেছেন করণ জোহর। শো-কে আরও আকর্ষণীয় ও ঝরঝরে করতে ছোট ছোট নতুন সেগমেন্ট যোগ করার পরিকল্পনা রয়েছে। প্রথাগত বিনোদন জগতের বাইরেও এবার অতিথি তালিকায় থাকতে পারে বড় চমক। বলিউড তারকাদের পাশাপাশি দক্ষিণী সিনেমার অভিনেতা, ওটিটি প্ল্যাটফর্মের পরিচিত মুখ এবং প্রভাবশালী ডিজিটাল ক্রিয়েটরদেরও একই মঞ্চে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

২০০৪ সালে শুরু হওয়া এই শো ইতিমধ্যে আটটি সফল সিজন ও ১৫০টিরও বেশি এপিসোড পার করেছে। নিজের শো সম্পর্কে করণ জোহর এক সাক্ষাৎকারে মজা করে জানিয়েছিলেন যে, এই শো তাকে ভারতের “সবচেয়ে পছন্দের ঘৃণিত ব্যক্তি” করে তুলেছে। তিনি মনে করেন, শো-তে তার বিতর্কিত ও খোলামেলা চরিত্রটি নিছকই বিনোদনের অংশ। নতুন সিজনে আরও বেশি ড্রামা, বিতর্ক এবং মজাদার মুহূর্তের অপেক্ষায় দিন গুনছেন দর্শকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *