কয়লা মাফিয়াদের রুখতে সিআইএসএফের হাতে নতুন অস্ত্র, তোলপাড় আসানসোলে – এবেলা

এবেলা ডেস্কঃ
কয়লা চুরি ও অবৈধ খনন রুখতে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফকে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। নতুন এই ক্ষমতার ফলে বাহিনী এখন থেকে সরাসরি আদালতে মামলা দায়ের করতে পারবে। এই ঐতিহাসিক সিদ্ধান্ত কার্যকর করার অংশ হিসেবে সিআইএসএফের ডিআইজি কে পি সিং আসানসোলের শীতলপুরে বাহিনীর সদর দপ্তর পরিদর্শন করেন। সেখানে তিনি সিনিয়র কমান্ডান্ট রাহুল সিং গৌতমসহ অন্যান্য আধিকারিক ও জওয়ানদের সঙ্গে বৈঠক করে নতুন আইনি ক্ষমতার কার্যকর প্রয়োগ সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশিকা দেন।
পরবর্তীতে ডিআইজি কে পি সিং ইসিএলের সদর দপ্তরে গিয়ে সংস্থার সিএমডি সতীশ ঝার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। উক্ত উচ্চপর্যায়ের বৈঠকে অবৈধ খনন এবং কয়লা চুরি প্রতিরোধে দুই সংস্থার পারস্পরিক সমন্বয় আরও জোরদার করার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মূলত বিমানবন্দর বা মেট্রোর মতো স্পর্শকাতর সরকারি জায়গার নিরাপত্তার দায়িত্বে থাকা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ এই কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীকে কয়লা পাচার রুখতে এবার সম্পূর্ণ নতুন আইনি শক্তিতে বলীয়ান করা হলো।
