কয়লাকাণ্ডে সাতসকালে ইডির ম্যারাথন তল্লাশি: কলকাতা থেকে দিল্লি, বিপাকে রাঘববোয়ালরা
কয়লা পাচার মামলার শিকড় খুঁজতে ফের কোমর বেঁধে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার সাতসকাল থেকেই কলকাতা, আসানসোল, দুর্গাপুর এবং বর্ধমানসহ দিল্লি ও মোট ৯টি জায়গায় একযোগে হানা দিয়েছেন কেন্দ্রীয় আধিকারিকরা। মূলত টাকা পাচারের (মানি লন্ডারিং) সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ৯ জন প্রভাবশালীর বাসভবন ও দফতরে এই তল্লাশি চালানো হচ্ছে। ইডি সূত্রে খবর, পাচারের কালো টাকা কোথায় কোথায় বিনিয়োগ করা হয়েছে, তা জানতেই এই ম্যারাথন অভিযান। তল্লাশিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও ডিজিটাল তথ্যপ্রমাণ হাতে এসেছে বলে দাবি তদন্তকারীদের।

