কর্ণাটকে কুর্সি দখলের লড়াইয়ে নাটকীয় মোড়, শিবকুমারকে রুখতে বিধায়কদের বিদেশ পাঠাচ্ছেন সিদ্দারামাইয়া? – এবেলা
এবেলা ডেস্কঃ
February 17, 202611:53 am
কর্ণাটকের রাজনীতিতে এখন টানটান উত্তেজনা। মুখ্যমন্ত্রী পদের দাবিদার ডিকে শিবকুমার যখন শক্তি প্রদর্শনের জন্য বিধায়কদের বৈঠক ডাকার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই মোক্ষম চাল চাললেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। শিবকুমারের পরিকল্পনা ভেস্তে দিতে নিজের ঘনিষ্ঠ ২৭ জন বিধায়ককে নিয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২০২৩ সালে কর্ণাটকে কংগ্রেস সরকার গঠনের পর থেকেই শিবকুমার শিবিরের দাবি ছিল, আড়াই বছর পর তাদের নেতা মুখ্যমন্ত্রী হবেন। সময় যত এগোচ্ছে, এই অন্তর্দ্বন্দ্ব ততই প্রকাশ্যে আসছে। শিবকুমারপন্থী বিধায়ক রবিকুমার গৌড়ার দাবি, দলের ১৩৬ জন বিধায়কই শিবকুমারের পাশে আছেন এবং তাকে মুখ্যমন্ত্রী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না।
অন্যদিকে, সিদ্দারামাইয়া শিবির এই বিদেশ সফরকে ‘রুটিন ভিজিট’ বলে দাবি করলেও রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। আগামী ৬ মার্চ থেকে কর্ণাটক বিধানসভার বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে। ওয়াকিবহাল মহলের মতে, অধিবেশন শুরুর আগে শিবকুমার যাতে বড় কোনো জমায়েত বা শক্তি প্রদর্শন করতে না পারেন, সেজন্যই বিধায়কদের কৌশলে রাজ্যের বাইরে পাঠিয়ে দিলেন সিদ্দারামাইয়া।
শিবকুমার ঘনিষ্ঠ মহলের সাফ কথা, রাজনীতি একটা খেলা এবং শেষ হাসি তারাই হাসবেন। বিজেপিতে যোগদানের জল্পনা উড়িয়ে দিয়ে তারা স্পষ্ট জানিয়েছেন, কংগ্রেসেই থাকবেন এবং ডিকে শিবকুমারই হবেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী। এখন দেখার, সিদ্দারামাইয়ার এই ‘বিদেশি চাল’ শিবকুমারের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষায় কতটা প্রভাব ফেলে।

