কর্ণাটকের মেডিকেল কলেজে ছাত্রীকে অধ্যাপকের প্রেমের প্রস্তাব, গণপিটুনির শিকার অভিযুক্ত – এবেলা
এবেলা ডেস্কঃ
কর্ণাটকের বেঙ্গালুরু গ্রামীণ জেলার একটি মেডিকেল কলেজে ক্লাস চলাকালীন এক ছাত্রীকে প্রকাশ্যে প্রেমের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল এক অধ্যাপকের বিরুদ্ধে। শ্রী সিদ্ধার্থ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ সেন্টারের ওই শিক্ষক ক্লাসের মধ্যেই ছাত্রীকে চকলেট দিয়ে সম্পর্কের প্রস্তাব দেন। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে পড়েছে, যা শিক্ষা মহলে তীব্র চাঞ্চল্য ও সমালোচনার সৃষ্টি করেছে।
অধ্যাপকের এই আচরণে ক্ষিপ্ত হয়ে তৎক্ষণাৎ প্রতিবাদ শুরু করেন ওই ছাত্রী ও তাঁর সহপাঠীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উত্তেজিত শিক্ষার্থীরা অভিযুক্ত অধ্যাপককে ঘিরে ধরে চড়-থাপ্পড় ও জুতো দিয়ে মারধর করেন। ভাইরাল ভিডিওতে দেখা যায়, ক্লাসরুম থেকে শুরু করে কলেজ চত্বর এবং পার্কিং এলাকা পর্যন্ত তাঁকে ধাওয়া করে নিগৃহীত করা হচ্ছে। ছাত্র-শিক্ষক সম্পর্কের মর্যাদা লঙ্ঘনের এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় পুলিশ এই ঘটনায় ইতিমধেই একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পুলিশ খতিয়ে দেখছে অধ্যাপকের অনৈতিক আচরণ এবং শিক্ষার্থীদের আইন নিজের হাতে তুলে নেওয়ার বিষয়টি। কলেজ কর্তৃপক্ষও এই ন্যক্কারজনক ঘটনার প্রেক্ষিতে অভ্যন্তরীণ তদন্ত ও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, যেখানে অনেকেই নৈতিকতা ও আইনি প্রক্রিয়ার প্রশ্ন তুলছেন।

