কলকাতা বিশ্ববিদ্যালয় গেটে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রামনবমী উদযাপন – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরে রামনবমী উদযাপনকে কেন্দ্র করে উত্তেজনা চরমে পৌঁছালো। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কারণে ক্যাম্পাসের ভেতরে পুজোর অনুমতি না মেলায়, শেষপর্যন্ত প্রধান ফটকের বাইরেই ‘রাম-দরবার’ বসিয়ে উৎসব পালন করেন একদল পড়ুয়া। কলেজ স্ট্রিট ক্যাম্পাস সংলগ্ন রাজপথেই চলে আরতি ও জয় শ্রীরাম ধ্বনি। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।
এদিন এবিভিপি সমর্থিত পড়ুয়ারা ক্যাম্পাসের ভেতরে শোভাযাত্রার আবেদন জানালেও কর্তৃপক্ষ তা খারিজ করে দেয়। কর্তৃপক্ষের দাবি, সরস্বতী পুজো ছাড়া অন্য কোনো ধর্মীয় অনুষ্ঠানের অনুমতি নেই। তবে আন্দোলনকারী পড়ুয়াদের অভিযোগ, ইফতার পালনে বাধা না থাকলেও রামনবমীতে এই নিষেধাজ্ঞা কর্তৃপক্ষের ‘একচোখা’ নীতি ও বিশেষ পক্ষকে তুষ্ট করার প্রচেষ্টাকেই প্রতিফলিত করে। এই বৈষম্যের প্রতিবাদেই তাঁরা গেটের বাইরে যজ্ঞ শুরু করেন।
পুলিশি ঘেরাটোপের মধ্যেই চলে পুষ্পাঞ্জলি ও ধর্মীয় আচার। উদ্যোক্তাদের মতে, পাঁচিল তুলে বা বলপ্রয়োগ করে ভক্তের বিশ্বাসকে আটকে রাখা সম্ভব নয়। সাধারণ পথচারীদের অনেকেই এই স্বতঃস্ফূর্ত উদযাপনে শামিল হন। বিশ্ববিদ্যালয় চত্বরে ধর্মীয় অনুষ্ঠান পালন নিয়ে এই বিতর্ক শিক্ষাপ্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে, যা আগামী দিনে আরও বড় আকার নিতে পারে বলে মনে করা হচ্ছে।

