কলকাতা মেট্রোর স্বাস্থ্য ও থমকে থাকা প্রকল্প নিয়ে মুখ খুলল রেল মন্ত্রক

কলকাতা মেট্রোর পরিকাঠামোর বর্তমান অবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে লোকসভায় তৃণমূল সাংসদ মালা রায়ের তোলা প্রশ্নের লিখিত জবাব দিল রেল মন্ত্রক। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, কলকাতা মেট্রোসহ ভারতীয় রেলের প্রতিটি স্তম্ভ, প্ল্যাটফর্ম এবং সুড়ঙ্গের স্বাস্থ্য নিয়মিত পরীক্ষা করা হয়। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রেললাইন ও সেতুর পরিকাঠামো খতিয়ে দেখতে আধুনিক নজরদারি ব্যবস্থা সচল রয়েছে। তবে পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি কলকাতায় মেট্রোর সম্প্রসারণে বেশ কিছু জটিলতার কথাও উল্লেখ করেছে মন্ত্রক।
রেল মন্ত্রকের তথ্য অনুযায়ী, কলকাতায় চারটি প্রধান করিডরে প্রায় ৫২ কিলোমিটার নতুন মেট্রো পথের কাজ পরিকল্পিত থাকলেও এর মধ্যে ২০ কিলোমিটার পথ বিভিন্ন কারণে থমকে আছে। বিশেষ করে জমি অধিগ্রহণ এবং দখলদার উচ্ছেদ সংক্রান্ত সমস্যার কারণে প্রকল্পগুলো গতি হারাচ্ছে। নোয়াপাড়া-বারাসত রুটে জয়হিন্দ এয়ারপোর্ট পর্যন্ত কাজ চললেও নিউ ব্যারাকপুর থেকে বারাসত পর্যন্ত অংশে জমি জট কাটেনি। একইভাবে জোকা-এসপ্ল্যানেড রুটে খিদিরপুর স্টেশনের ইউটিলিটি শিফ্টিং ও ট্রাফিক ডাইভারশন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই জট কাটাতে রাজ্য সরকারের সক্রিয় সহযোগিতা একান্ত প্রয়োজন বলে জানিয়েছে কেন্দ্র।
চিঠিতে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯৭২ থেকে ২০১৪ সাল পর্যন্ত দীর্ঘ সময়ে কলকাতায় মাত্র ২৮ কিলোমিটার মেট্রো পথ চালু করা সম্ভব হয়েছিল। সেখানে ২০১৪ থেকে ২০২৫ সালের মধ্যে ৪৫ কিলোমিটার নতুন পথ তৈরি ও সচল করা হয়েছে। বর্তমানে বরানগর-দক্ষিণেশ্বর ও মাঝেরহাট পর্যন্ত পরিষেবা শুরু হলেও বেলেঘাটা থেকে বিমানবন্দর এবং বরানগর থেকে ব্যারাকপুর রুটের কাজ বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন। রেলের দাবি, প্রতিকূলতা সত্ত্বেও যাত্রী স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা বজায় রেখে দ্রুত প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।
