কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, বইবে ঝোড়ো হাওয়া! একনজরে আজকের আবহাওয়া – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্য থেকে ভারী বৃষ্টির দাপট সাময়িকভাবে কমলেও বৃষ্টির রেশ কাটছে না। আজ কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
কলকাতার আবহাওয়া: আজ শহর কলকাতার আকাশ সাধারণত মেঘলা থাকবে। শহরের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া: দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম—এই ৮ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া: উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট কিছুটা বজায় থাকবে। বিশেষ করে দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কোথাও কোথাও ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
