কলকাতা-হাওড়ার পুর মানচিত্রে বিশাল রদবদল, একধাক্কায় বাড়ছে ৮৩টি ওয়ার্ড! – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা ও হাওড়া পুরনিগমের মানচিত্রে ঐতিহাসিক রদবদল হতে চলেছে। সীমানা পুনর্বিন্যাস ও ওয়ার্ড বৃদ্ধির প্রক্রিয়াকে আইনি বৈধতা দিতে বুধবার রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশনে জোড়া সংশোধনী বিল পেশ করছে পুর ও নগর উন্নয়ন দপ্তর। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে একধাক্কায় বেড়ে ২০৯ হবে। অন্যদিকে, হাওড়ায় ৫০টির বদলে থাকবে ৬৮টি ওয়ার্ড। দুই শহর মিলিয়ে মোট ৮৩টি নতুন ওয়ার্ড তৈরি হচ্ছে। রাজ্য মন্ত্রিসভা ইতিমধ্যেই এই উদ্যোগে অনুমোদন দিয়েছে। মূলত জনসংখ্যা বৃদ্ধি ও নাগরিক পরিষেবার প্রসারের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সিদ্ধান্ত।
প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি এই সীমানা পরিবর্তনের ব্যাপক রাজনৈতিক তাৎপর্যও রয়েছে। কলকাতা পুরসভায় বর্তমানে প্রশাসকের শাসন চলছে, আর আগামী ডিসেম্বরেই নতুন সীমানায় সেখানে ভোট হওয়ার সম্ভাবনা প্রবল। অন্যদিকে, ২০১৮ সালের পর থেকে থমকে থাকা হাওড়া পুরসভার নির্বাচনও এই পুনর্বিন্যাসের মাধ্যমে গতি পাবে। নতুন এই ওয়ার্ড কাঠামোর ফলে দুই শহরের ভোটার বিন্যাস ও স্থানীয় রাজনৈতিক সমীকরণ পুরোপুরি বদলে যাবে, যা ভবিষ্যতের বিধানসভা এবং লোকসভা নির্বাচনেও বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
