কলকাতায় ডেরা বেঁধে বড়সড় নাশকতার ছক? প্রাক্তন আইপিএস নজরুল ইসলামের বিস্ফোরক বয়ান – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা দিনকয়েক আগেই বাংলা ও তামিলনাড়ু থেকে গ্রেফতার হয়েছে লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত ৮ জঙ্গি। এই ঘটনার পরই তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। ধৃতদের মধ্যে ৭ জনই বাংলাদেশি নাগরিক এবং তারা কলকাতাকেই নিজেদের নিরাপদ আস্তানা বা ‘সেফ প্যাসেজ’ হিসেবে ব্যবহার করছিল বলে জানা গিয়েছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়েই রাজ্যের নিরাপত্তা নিয়ে বড়সড় আশঙ্কার কথা শোনালেন প্রাক্তন আইপিএস আধিকারিক নজরুল ইসলাম।
দিল্লি পুলিশের জালে ধরা পড়া উমর ফারুক ও রবিল-উল ইসলাম কলকাতায় ঘর ভাড়া নিয়ে থাকছিল। তাদের জেরা করে জানা গিয়েছে, বাংলাদেশ থেকে শাব্বির আহমেদ লোন নামে এক হ্যান্ডেলার এই পুরো স্লিপার সেলটি নিয়ন্ত্রণ করছিল। প্রশ্ন উঠছে, তবে কি কলকাতাকে ঘাঁটি করেই দেশজুড়ে রক্তক্ষয়ী হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের?
এই বিষয়ে প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম জানান, শুধুমাত্র বাংলাকেই জঙ্গিদের নিরাপদ আশ্রয় বলা ঠিক হবে না, কারণ গ্রেফতারি তামিলনাড়ু থেকেও হয়েছে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, “জঙ্গিরা তাদের হ্যান্ডলারের নির্দেশে চলে। যদি তাদের ওপর নির্দেশ আসে এরাজ্যে বিস্ফোরণ ঘটানোর, তবে তারা নির্দ্বিধায় তা করবে। তাই বাংলায় থেকে তারা এখানে হামলা করবে না— এমন ভাবার কোনো কারণ নেই।”
অনুপ্রবেশ ও নিরাপত্তা নিয়ে তিনি সরাসরি বিএসএফ এবং রাজ্য পুলিশ উভয়কেই কাঠগড়ায় তুলেছেন। তাঁর মতে, সীমান্ত সুরক্ষিত করার প্রাথমিক দায়িত্ব বিএসএফ-এর হলেও, কেউ যদি সীমান্ত পেরিয়ে রাজ্যে ঢুকে পড়ে তবে তাকে চিহ্নিত করা স্থানীয় পুলিশের কাজ। নাশকতা রুখতে সীমান্ত এলাকায় দ্রুত কাঁটাতারের বেড়া দেওয়ার পাশাপাশি স্থানীয় থানাগুলিকে আরও বেশি সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। সন্দেহভাজন কাউকে দেখলেই তৎক্ষণাৎ আইনি পদক্ষেপ করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন এই প্রাক্তন পুলিশকর্তা।

