কলকাতায় পা রেখেই সোজা নেতাজির বাড়িতে সানি দেওল! নেপথ্যের কারণ জানলে চমকে যাবেন? – এবেলা

এবেলা ডেস্কঃ
আসন্ন ছবি ‘বাটোয়ারা ১৯৪৭’-এর প্রচারে বুধবার কলকাতায় পা রেখেই সোজা ভবানীপুরের নেতাজি ভবনে ছুটে যান বলিউড অভিনেতা সানি দেওল। নেতাজি সুভাষচন্দ্র বসুর ঐতিহাসিক বাসভবনে পৌঁছে তাঁর স্মৃতিবিজড়িত নানা সামগ্রী, ব্যবহৃত গাড়ি এবং দুর্লভ ছবি নিজের ক্যামেরাবন্দি করেন অভিনেতা। এই বিশেষ সফরে সানি দেওলের সঙ্গে ছিলেন নেতাজির নাতি তথা বিশিষ্ট অধ্যাপক সুগত বসু, যিনি নিজে ঘুরে ঘুরে তাকে ঐতিহাসিক ভবনটি দেখান। নেতাজির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া মেমোরিয়াল পরিদর্শন করেন এবং শহরের বিখ্যাত হলুদ ট্যাক্সির সামনে দাঁড়িয়ে ছবি তুলতে ভোলেননি তিনি।
আগামী ১৪ আগস্ট বড়পর্দায় মুক্তি পেতে চলা রাজকুমার সন্তোষী পরিচালিত পিরিয়ড ড্রামা ‘বাটোয়ারা ১৯৪৭’-এর প্রচারেই মূলত এই তিলোত্তমা সফর। আমির খান প্রযোজিত এই দেশাত্মবোধক ছবিতে সানি দেওলের পাশাপাশি অভিনয় করেছেন প্রীতি জিন্টা, শাবানা আজমি ও করণ দেওলের মতো তারকারা। দেশভাগের প্রেক্ষাপটে তৈরি এই ছবি ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে। মুক্তির দিন বক্স অফিসে জোরদার টক্করের সম্ভাবনা তৈরি হয়েছে, যেদিকে এখন থেকেই বিশেষ নজর রয়েছে সিনেপ্রেমীদের।
