কলকাতায় মমতার তুরুপের তাস: বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় ব্যাপক রদবদল – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬-এর বিধানসভা নির্বাচনে কলকাতার ছয়টি গুরুত্বপূর্ণ কেন্দ্রে প্রার্থী বদল করে বড় চমক দিল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় অভিজ্ঞতার পাশাপাশি নবীন ও পরিচিত মুখদের ওপর আস্থা রেখেছেন। এই তালিকায় দীর্ঘদিনের বিধায়ক পরেশ পালের জায়গায় বেলেঘাটায় প্রার্থী হয়েছেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। অন্যদিকে, মানিকতলা কেন্দ্রে প্রয়াত সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডেকে প্রথমবার টিকিট দিয়েছে দল।
দক্ষিণ কলকাতার বেহালা পূর্ব ও পশ্চিম—উভয় কেন্দ্রেই প্রার্থী পরিবর্তন করা হয়েছে। বেহালা পশ্চিমে রত্না চট্টোপাধ্যায় এবং বেহালা পূর্বে প্রাক্তন রাজ্যসভা সাংসদ শুভাশিস চক্রবর্তী লড়াই করবেন। এছাড়া, বালিগঞ্জ কেন্দ্রে এবার ঘাসফুল শিবিরের বাজি বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। জোড়াসাঁকোয় বিদায়ী বিধায়ক বিবেক গুপ্তার বদলে জোড়াসাঁকোর ভূমিপুত্র তথা কাউন্সিলার বিজয় উপাধ্যায়কে মনোনীত করা হয়েছে।
এন্টালি কেন্দ্রেও এসেছে পারিবারিক উত্তরাধিকারের চমক; সেখানে বিদায়ী বিধায়ক স্বর্ণকমল সাহার পরিবর্তে প্রার্থী হয়েছেন তাঁর পুত্র সন্দীপন সাহা। মূলত শারীরিক অসুস্থতা ও কৌশলগত কারণে বেশ কয়েকজন হেভিওয়েটকে অব্যাহতি দিয়ে নতুন ‘সৈনিক’দের ময়দানে নামাল শাসক দল। এই পরিবর্তনের মাধ্যমে কলকাতার গড় ধরে রাখাই এখন ঘাসফুল শিবিরের প্রধান লক্ষ্য।

