কলকাতায় রেকর্ড বৃষ্টির পর ফের নিম্নচাপের থাবা, মৎস্যজীবীদের সমুদ্রে প্রবেশে নিষেধাজ্ঞা! – এবেলা
August 11, 2026

এবেলা ডেস্কঃ
সোমবার রাতে মাত্র এক ঘণ্টার রেকর্ড বৃষ্টিতে থমকে গিয়েছিল তিলোত্তমা। রাত ৮টা থেকে ৯টার মধ্যে প্রায় ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত কলকাতার জনজীবন স্তব্ধ করে দেয়। এই বিপর্যয়ের কাটতে না কাটতেই আবহাওয়া দফতর জানাল আরও এক উদ্বেগের খবর—বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নতুন নিম্নচাপ।
১১ থেকে ১৪ আগস্ট রাজ্যজুড়ে টানা ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আবহাওয়ার মূল কারণ
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে বুধবারের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। পাশাপাশি, সক্রিয় মৌসুমি অক্ষরেখা ডালটনগঞ্জ ও দিঘার ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিকে অবস্থান করায় রাজ্যে নতুন করে বৃষ্টির মেঘ জমছে।
দক্ষিণবঙ্গের পূর্বাভাস
- বুধবার: উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়াসহ (৩০-৪০ কিমি/ঘণ্টা) হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
- বৃহস্পতিবার: কলকাতা, হাওড়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা।
- শুক্রবার ও সপ্তাহান্ত: উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি চলতে পারে। শনি ও রবিবার বৃষ্টির তীব্রতা কিছুটা কমবে।
উত্তরবঙ্গের পূর্বাভাস
- মঙ্গল ও বুধবার: মঙ্গলবার শুধু মালদা এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে। বুধবারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- শুক্র থেকে রবিবার: শুক্রবারের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টি ফের বাড়বে। রবিবারে ওপরের দিকের পাঁচ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
