কলকাতার ঐতিহ্যবাহী নাহুমস বেকারিতে হঠাৎ তালা ঝুলল – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিম এশিয়ার অস্থিরতায় জ্বালানি সংকটের জেরে সাময়িকভাবে বন্ধ হয়ে গেল কলকাতার ১২০ বছরের পুরনো ইহুদি বেকারি নাহুম অ্যান্ড সন্স। ১৮ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত নিউ মার্কেটের এই বিখ্যাত বিপণিটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত বাণিজ্যিক এলপিজি সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় উৎপাদন প্রক্রিয়া সচল রাখা আসাম্ভব হয়ে পড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বেকারির কর্তা জগদীশ হালদার জানান, সীমিত গ্যাসে কাজ চালানো কঠিন হওয়ায় এই পদক্ষেপ। তবে ২৩ মার্চ থেকে ফের দোকান খোলার পরিকল্পনা রয়েছে। কোভিড লকডাউন এবং ২০১৩ সালে ডেভিড নাহুমের প্রয়াণ ছাড়া এই দীর্ঘমেয়াদী বিরতি নজিরবিহীন। আপাতত দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে পূর্ণমাত্রায় পরিষেবা শুরুর চেষ্টা চালাচ্ছে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি।

