‘কাকু’র মুখোশের আড়ালে নরপিশাচ! ড্রামের ভেতর মিলল নাবালিকার দেহ, সামনে এল ভয়ঙ্কর সত্য
অন্ধ্রপ্রদেশের অন্নামায়া জেলার মডনাপল্লিতে সাত বছর বয়সী এক দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠল। অভিযুক্ত ৩০ বছর বয়সী প্রতিবেশী যুবক কুলবর্ধন ওই নাবালিকাকে শারীরিক নির্যাতনের পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে জল ভর্তি ড্রামে চুবিয়ে মারে বলে অভিযোগ। সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ থাকার পর মঙ্গলবার সকালে অভিযুক্তের ঘর থেকেই ওই নাবালিকার নিথর দেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনাটি জানাজানি হতেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে মডনাপল্লি-চেন্নাই হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত কুলবর্ধন নেশাগ্রস্ত অবস্থায় এই ঘৃণ্য অপরাধ ঘটিয়েছে এবং তার বিরুদ্ধে আগেও অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড রয়েছে। উত্তেজনা সামাল দিতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
এদিকে, এই ঘটনার রেশ কাটতে না কাটতেই গ্রাম সংলগ্ন একটি ট্যাঙ্কে জনৈক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে রহস্য দানা বেঁধেছে। স্থানীয়দের ধারণা, উদ্ধার হওয়া দেহটি পলাতক অভিযুক্ত কুলবর্ধনের হতে পারে। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠিয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে। এলাকায় শান্তি বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে।

