কাটা পড়বে সমুদ্রের নীচের ইন্টারনেট কেবল? বিচ্ছিন্ন হওয়ার মুখে ভারতসহ গোটা বিশ্ব – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ এবার ডিজিটাল দুনিয়ায়। ইরান ও হুথি বিদ্রোহীদের নিশানায় এখন সমুদ্রের তলদেশের ফাইবার অপটিক কেবল। হরমুজ প্রণালী ও লোহিত সাগরের নীচ দিয়ে যাওয়া এই অতিগুরুত্বপূর্ণ সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হলে অচল হয়ে যেতে পারে ভারতের ইন্টারনেট পরিষেবা।
বিশেষজ্ঞদের আশঙ্কা, এই কেবল কাটা পড়লে থমকে যাবে ইউপিআই লেনদেন, অনলাইন ব্যাঙ্কিং এবং আমাজন বা মাইক্রোসফটের মতো ক্লাউড পরিষেবা। কেবল ভারত নয়, ইউরোপ ও এশিয়ার বড় অংশের ডেটা ট্র্যাফিক এই পথেই চলাচল করে। ইতিমধ্যেই ১৭টি সাবমেরিন কেবল নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে। আলকাটেল সাবমেরিন নেটওয়ার্কস এই পরিস্থিতির ওপর নজর রাখছে, তবে ইরানের অনুমতি না মেলায় থমকে আছে কেবল মেরামতির কাজও। গ্লোবাল কানেকশন বিচ্ছিন্ন হলে স্মার্টফোন থেকে শুরু করে আইটি সেক্টর—সবই বড়সড় বিপর্যয়ের মুখে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

