কাঠমান্ডু ভ্রমণে ভোগান্তি: ১৮ ঘণ্টা আটকে থেকে ক্ষুব্ধ যাত্রীরা – এবেলা
এবেলা ডেস্কঃ
February 28, 202612:27 pm
বেঙ্গালুরু থেকে কাঠমান্ডুগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন পর্যটকরা। বৃহস্পতিবার সকালে উড্ডয়নের পর গন্তব্যে নামতে না পেরে বিমানটি পুনরায় বেঙ্গালুরু ফিরে আসে। পর্যাপ্ত খাবার বা পানীয় জল ছাড়াই যাত্রীরা প্রায় ১৮ ঘণ্টা আটকে থাকেন বলে অভিযোগ উঠেছে।
দ্বিতীয় দফায় বিমানটি যাত্রা শুরু করলেও কাঠমান্ডুতে নামতে ব্যর্থ হয়ে লখনউতে অবতরণ করে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ক্ষুব্ধ যাত্রীরা বিমানের ভেতরেই বিক্ষোভ শুরু করেন। অবশেষে নিরুপায় হয়ে বিমান সংস্থাটি যাত্রীদের পুনরায় বেঙ্গালুরুতে ফিরিয়ে আনতে বাধ্য হয়।
বিমান সংস্থাটির দাবি, প্রতিকূল আবহাওয়ার কারণেই এই অনভিপ্রেত পরিস্থিতি তৈরি হয়েছে। তবে পরিষেবায় গাফিলতি ও সঠিক তথ্যের অভাবে যাত্রীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করলেও বিষয়টি নিজেদের নিয়ন্ত্রণের বাইরে ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

