লেটেস্ট নিউজ

কানাডায় রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’ প্রদর্শনকালে সিনেমা হলে ব্যাপক ভাঙচুর – এবেলা

এবেলা ডেস্কঃ

বিদেশের মাটিতে রণবীর সিং অভিনীত স্পাই-অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর ২’ মুক্তি ঘিরে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। কানাডার মন্ট্রিয়লের ‘সিনেপ্লেক্স আটওয়াটার’ ও ‘অ্যাংরিনন’-এর মতো নামী প্রেক্ষাগৃহগুলোতে ছবি চলাকালীন একদল উত্তেজিত দর্শক তাণ্ডব চালায়। অভিযোগ উঠেছে, উন্মত্ত জনতা হলের সিট ভাঙচুর করার পাশাপাশি দামী স্ক্রিন পর্যন্ত ছিঁড়ে ফেলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত হল কর্তৃপক্ষ পুলিশ ডাকতে বাধ্য হয়।

আদিত্য ধর পরিচালিত এই ছবিটি বিশ্বজুড়ে বক্স অফিসে দাপট দেখালেও মন্ট্রিয়লের এই অপ্রীতিকর ঘটনা সমালোচনার জন্ম দিয়েছে। টিকিট না পাওয়া বা ছবির বিষয়বস্তু নিয়ে ক্ষোভ থেকে এই হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দর্শকদের বের করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ভাঙচুরের কারণে শো বাতিল হওয়ায় সাধারণ দর্শকরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন এবং প্রেক্ষাগৃহ মালিকরা বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

রণবীর সিং ছাড়াও এই ছবিতে অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত ও আর মাধবনের মতো তারকারা অভিনয় করেছেন। বিতর্কের মাঝেই ছবিটি মাত্র তিন দিনে বিশ্বজুড়ে ৩০০ কোটি টাকার গণ্ডি ছাড়িয়েছে। তবে বিদেশের মাটিতে দর্শকদের এমন উগ্র আচরণ বলিউডের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে ওই প্রেক্ষাগৃহগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *