কামারপুকুরে রামকৃষ্ণ মিশনে পুজো দিয়ে প্রচারে বিজেপি প্রার্থীরা, জনসংযোগে বামেরাও – এবেলা
এবেলা ডেস্কঃ
নির্বাচনী প্রার্থী তালিকা ঘোষণার পর মঙ্গলবার সকালে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে পূজা দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করলেন আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি প্রার্থীরা। এদিন আরামবাগ, গোঘাট, তারকেশ্বর ও চন্দ্রকোণা বিধানসভার পদ্ম প্রার্থীরা শ্রীরামকৃষ্ণদেবের আশীর্বাদ নিয়ে নিজ নিজ কেন্দ্রে জনসংযোগে নেমে পড়েন। প্রার্থীদের সাথে বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে প্রচার ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ দেখা যায়।
গোঘাটের বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার এদিন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের সঙ্গে বৈঠক করেন এবং পুরশুড়ার প্রার্থী বিমান ঘোষ সোদপুর এলাকায় প্রচার সারেন। অন্যদিকে, আরামবাগ ও গোঘাট কেন্দ্রে বিদায়ী বিধায়কদের টিকিট না পাওয়া নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। তবে বিজেপি প্রার্থী হেমন্ত বাগের দাবি, দলের সিদ্ধান্ত মেনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছেন এবং সাধারণ মানুষের মধ্যে বিজেপিকে নিয়ে প্রবল উন্মাদনা রয়েছে।
বিজেপির পাশাপাশি এদিন প্রচারে ব্যস্ত ছিলেন বামফ্রন্ট প্রার্থীরাও। আরামবাগের সিপিএম প্রার্থী বীথিকা পণ্ডিত তিরোল পঞ্চায়েত ও আরামবাগ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে জনসংযোগ কর্মসূচি পালন করেন। একইভাবে গোঘাটের ফরওয়ার্ড ব্লক প্রার্থী মুক্তারাম ধাউড়ে সাওড়া এলাকায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন। সব মিলিয়ে মঙ্গলবার সকাল থেকেই আরামবাগ মহকুমার নির্বাচনী পারদ তুঙ্গে উঠেছে।

