কালীঘাটে গার্ডরেল গলে লাইনে ঝাঁপ! সাত সকালে মেট্রোয় চরম ভোগান্তি – এবেলা

এবেলা ডেস্কঃ
শনিবার সাত সকালে কলকাতা মেট্রোয় ফের আত্মহত্যার চেষ্টা। সকাল ৭টা ২০ মিনিট নাগাদ কালীঘাট স্টেশনে এক ব্যক্তি চলন্ত মেট্রোর সামনে লাইনে ঝাঁপ দেন। যাত্রীদের চোখের সামনে ঘটা এই আকস্মিক ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায়। ওই ব্যক্তিকে উদ্ধারের জন্য দ্রুত লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, যার জেরে অফিস যাওয়ার ব্যস্ত সময়ে সাময়িকভাবে থমকে যায় ব্লু লাইনের মেট্রো পরিষেবা।
ভাঙা রুটে পরিষেবা ও যাত্রীদের ভোগান্তি
এই ঘটনার জেরে মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে ময়দান পর্যন্ত বেশ কিছুক্ষণ মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। পরিস্থিতি সামাল দিতে মেট্রো কর্তৃপক্ষ সাময়িকভাবে ভাঙা পথে পরিষেবা চালু রাখে। আপ ও ডাউন লাইনে মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম এবং ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চালানো হয়। উইকএন্ড হলেও শনিবার বহু অফিস খোলা থাকায় নিত্যযাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়। গন্তব্যে পৌঁছতে বাধ্য হয়ে অনেকেই মেট্রো ছেড়ে বাস বা অন্যান্য বিকল্প পরিবহণের পথ বেছে নেন। স্টেশনে স্টেশনে থিকথিকে ভিড় জমতে শুরু করে। তবে দ্রুত উদ্ধারকাজ শেষ করে সকাল ৭টা ৪৪ মিনিট নাগাদ ফের সমগ্র ব্লু লাইনে পরিষেবা স্বাভাবিক করা হয় বলে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।
নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
কলকাতা মেট্রোয় ব্লু লাইনের স্টেশনগুলিতে প্ল্যাটফর্ম এবং লাইনের মাঝে কোনও স্থায়ী দেওয়াল বা স্ক্রিন ডোর না থাকায় আত্মহত্যার ঘটনা বারবার ঘটছে। যাত্রীদের সুরক্ষার স্বার্থে এবং এমন ঘটনা এড়াতে সম্প্রতি কালীঘাট সহ বেশ কয়েকটি স্টেশনে গার্ডরেল বসানো হয়েছিল। তা সত্ত্বেও শনিবারের এই ঘটনা প্রমাণ করল যে সেই সুরক্ষাবলয় সম্পূর্ণ নিশ্ছিদ্র নয়। গার্ডরেলের ফাঁক গলে অনায়াসেই লাইনে ঝাঁপ দেওয়ার এই ঘটনা মেট্রোর প্ল্যাটফর্মের নিরাপত্তা ব্যবস্থাকেই পুনরায় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। স্থায়ী প্ল্যাটফর্ম স্ক্রিন ডোরের মতো মজবুত পরিকাঠামোগত পরিবর্তন ছাড়া এই ধরনের মর্মান্তিক ঘটনা ও তৎক্ষণাৎ যাত্রী ভোগান্তি রোখা কার্যত আসাম্ভব বলেই মনে করা হচ্ছে।
