কুড়মি আবেগকে হাতিয়ার করে বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেকের, জয়পুরের সভা থেকে সুর চড়ালেন তৃণমূল সেনাপতি

জয়পুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী জনসভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি ও অধিকারের প্রশ্নে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, কুড়মিদের তফশিলি উপজাতিভুক্ত করার ন্যায্য দাবি পূরণের বদলে বিজেপি ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থসিদ্ধিতে মগ্ন। অভিষেক জানান, রাজ্য সরকার ইতিপূর্বেই কুড়মিদের দাবিকে মান্যতা দিয়ে মন্ত্রিসভায় প্রস্তাব পাশ করেছে এবং কেন্দ্রের কাছে সুপারিশ পাঠিয়েছে। কুড়মালি ভাষাকে তফশিলি তালিকায় অন্তর্ভুক্ত করা এবং রাজ্য ভাষার মর্যাদা দেওয়ার ক্ষেত্রেও তৃণমূল সরকার অগ্রণী ভূমিকা নিয়েছে বলে তিনি দাবি করেন।
বিজেপির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলে অভিষেক সরাসরি বিজেপি নেতা অজিত মাহাতকে নিশানা করেন। তিনি দাবি করেন, কুড়মি সমাজের উন্নয়নের কথা না ভেবে অজিত মাহাত দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন কেবল নিজের ছেলের জন্য নির্বাচনী টিকিট নিশ্চিত করতে। হাজার হাজার মানুষের আবেগ নিয়ে খেলা করে বিজেপি শুধুমাত্র ভোট রাজনীতিতে ব্যস্ত বলে তিনি তোপ দাগেন। তৃণমূল সেনাপতির কথায়, “নিজের ছেলের টিকিটের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে সমঝোতা করে এসেছেন অজিতবাবু।” কুড়মিদের অধিকার রক্ষার লড়াইয়ে বিজেপি আপস করেছে বলেও তিনি মন্তব্য করেন।
একই সঙ্গে জয়পুরের বিজেপি প্রার্থীকে ‘বহিরাগত’ তকমা দিয়ে আক্রমণ শানান অভিষেক। তিনি অভিযোগ করেন, বাঘমুন্ডির বাসিন্দা এই প্রার্থীর নিজস্ব কোনও পরিচয় নেই, তিনি কেবল বাবার পরিচয়ে পরিচিত। ভোটের পর এলাকার মানুষ এই বিজেপি প্রার্থীকে আর খুঁজে পাবেন না বলেও তিনি সতর্ক করেন। অভিষেক স্মরণ করিয়ে দেন যে, গত নির্বাচনে তৃণমূল প্রার্থী না থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই এলাকার সাধারণ মানুষকে সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিয়েছে। কুড়মিদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় তৃণমূল সরকার সর্বদা পাশে থাকবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।
