কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল হামলা, প্রাণভয়ে কাঁপছেন গাইঘাটার প্রবাসী যুবক – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিম এশিয়ায় যুদ্ধের দামামা বাজতেই চরম আতঙ্কে দিন কাটছে কুয়েতে কর্মরত উত্তর ২৪ পরগনার গাইঘাটার এক যুবকের। শনিবার সকালে আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে কুয়েত সিটি। বিএমডব্লিউ অফিসের কর্মী ওই যুবক জানান, দফায় দফায় বীভৎস আওয়াজে কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম হয়েছিল। পরে জানতে পারেন, আমেরিকার সেনাঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইরান।
আকাশে কালো ধোঁয়া আর মুহুর্মুহু সাইরেনের শব্দে এখন রণক্ষেত্রের চেহারা নিয়েছে এলাকা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, অফিস থেকেই কর্মীদের বেরোতে নিষেধ করা হয়েছে। ঘরবন্দি অবস্থায় বিদেশের মাটিতে বসে গাইঘাটার পরিবারের মুখগুলো মনে করে বারবার শিউরে উঠছেন তিনি। ফোনে বাড়ির লোককে আশ্বস্ত করলেও নিজের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন এই বাঙালি প্রবাসী। ২০১৫ সাল থেকে কুয়েতে থাকলেও এমন হাড়হিম করা অভিজ্ঞতার সম্মুখীন এর আগে কখনও হননি তিনি।

