কৃষকদের নামে রাজনীতি? রাহুলের দাবিকে ‘বিভ্রান্তিকর’ বলেই আক্রমণ শাহের – এবেলা
এবেলা ডেস্কঃ
NEWS DESK : ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে রাহুল গান্ধীর অভিযোগের কড়া জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাতের এক জনসভায় দাঁড়িয়ে তিনি সরাসরি অভিযোগ করেন, রাহুল গান্ধী কৃষকদের বিভ্রান্ত করতে ক্রমাগত মিথ্যে প্রচার চালাচ্ছেন। শাহের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির ক্ষেত্রে দেশের কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন এবং তাঁদের সুরক্ষা নিশ্চিত করেছেন।
কংগ্রেসের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তোলেন, ইউপিএ জমানায় কৃষকদের থেকে কী পরিমাণ শস্য কেনা হয়েছিল? তিনি পরিসংখ্যান তুলে ধরে দাবি করেন, মোদী সরকারের আমলে ন্যূনতম সহায়ক মূল্যে (MSP) শস্য কেনার পরিমাণ আগের তুলনায় ১৫ গুণ বেড়েছে। এমনকি কৃষিখাতে বাজেট বরাদ্দ ২৬ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ১ লক্ষ ২৯ হাজার কোটি টাকায় নিয়ে যাওয়া হয়েছে। কংগ্রেসের ঋণ মকুবের প্রতিশ্রুতিকে কটাক্ষ করে তিনি বলেন, বর্তমান সরকার সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে বছরে ৬ হাজার টাকা পৌঁছে দিচ্ছে।
রাহুল গান্ধীকে প্রকাশ্য বিতর্কের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে শাহ বলেন, রাহুল যেকোনো মঞ্চ বেছে নিন, বিজেপি যুব মোর্চার প্রতিনিধি সেখানে গিয়ে কৃষকদের প্রকৃত উন্নয়ন নিয়ে আলোচনা করবেন। গুজরাতের দুগ্ধ শিল্পের প্রসঙ্গ টেনে তিনি জানান, আন্তর্জাতিক চুক্তিতে এই খাতের স্বার্থ পুরোপুরি সুরক্ষিত রাখা হয়েছে। অন্যদিকে, রাহুল গান্ধীর অভিযোগ ছিল যে, মার্কিন চুক্তির ফলে জেনেটিকালি মডিফায়েড সয়াবিন তেল আমদানিতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন। পাল্টা জবাবে শাহ অতীতে কংগ্রেস আমলের ‘ডাঙ্কেল ড্রাফ্ট’-এর কুফল মনে করিয়ে দেন।
রাজনৈতিক সংঘাতের পাশাপাশি শাহ গুজরাতে দেশের প্রথম ডিজিটাল কারেন্সি (CBDC) ভিত্তিক রেশন ব্যবস্থার উদ্বোধন করেন। তিনি জানান, প্রযুক্তিনির্ভর এই স্বচ্ছ বণ্টন ব্যবস্থা আগামী কয়েক বছরের মধ্যে দেশজুড়ে ছড়িয়ে দেওয়া হবে। সব মিলিয়ে বাণিজ্য চুক্তি ও কৃষক স্বার্থ রক্ষায় কেন্দ্রের অবস্থান স্পষ্ট করে বিরোধীদের আক্রমণ ধুয়ে মুছে দেওয়ার চেষ্টা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

