কৃষকের অ্যাকাউন্টে ২ কোটি দিল সরকার – এবেলা
এবেলা ডেস্কঃ
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর প্রকল্পের জন্য উত্তরপ্রদেশ সরকারের জমি অধিগ্রহণ প্রক্রিয়া সাধারণ কৃষকদের জীবন রাতারাতি বদলে দিচ্ছে। এই প্রকল্পের জন্য নিজের জমি দিয়ে ভাগ্যবদল হয়েছে ৫৪ বছর বয়সী কৃষক হরমিন্দর সিংয়ের। সম্প্রতি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারি ক্ষতিপূরণ বাবদ জমা হয়েছে নগদ ২ কোটি টাকা।
যে হরমিন্দর আগে চাষবাস করে বছরে বড়জোর ৫০ হাজার টাকা আয় করতেন, তাঁর কাছে এই বিপুল পরিমাণ অর্থ অনেকটা স্বপ্নের মতো। সংবাদমাধ্যমকে তিনি জানান, ফোনে টাকা ঢোকার মেসেজ আসার পর ব্যালেন্সের অংকে থাকা ‘শূন্য’ গুনতে গুনতেই তাঁর অনেকটা সময় কেটে গিয়েছে। এটি তাঁর কল্পনার বাইরে ছিল।
হরমিন্দর সিং একা নন, সরকারি তথ্য বলছে গত সেপ্টেম্বর মাসেই এই বিমানবন্দর সংলগ্ন এলাকার প্রায় ৭,০০০ কৃষকের অ্যাকাউন্টে মোট ৮,০০০ কোটি টাকা ক্ষতিপূরণ হিসেবে পাঠিয়েছে প্রশাসন। বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর এই বিপুল আর্থিক নিরাপত্তা পেয়ে খুশির হাওয়া উত্তরপ্রদেশের কৃষক মহলে।

