কৃষ্ণনগরে বিসর্জনে রণক্ষেত্র: মধ্যরাতে ব্যাপক ইটবৃষ্টি, পুলিশের লাঠিচার্জ – এবেলা
এবেলা ডেস্কঃ
নদিয়ার কৃষ্ণনগরে সরস্বতী প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে দুই ক্লাবের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠল কোতোয়ালি থানা এলাকা। রবিবার রাতে ষষ্ঠীতলা ও গেট রোড বারোয়ারির সদস্যদের মধ্যে কথা কাটাকাটি থেকে শুরু হয় ব্যাপক ইটবৃষ্টি। উত্তপ্ত পরিস্থিতিতে রাস্তায় প্রতিমা রেখেই পালিয়ে যান উদ্যোক্তারা, যার ফলে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃদু লাঠিচার্জ করে এবং বেশ কয়েকজনকে আটক করে। পুলিশের হস্তক্ষেপে সাময়িকভাবে বন্ধ হওয়া বিসর্জন প্রক্রিয়া পুনরায় শুরু হয়। উল্লেখ্য, কৃষ্ণনগরে ইতিপূর্বেও জগদ্ধাত্রী ও কালীপুজোর বিসর্জনে একই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, যা ফের সরস্বতী পুজোয় ফিরে এল।

