কেজরিওয়ালের মুক্তির পরেই CBI-কে তুলোধোনা করলেন মহুয়া মৈত্র – এবেলা
এবেলা ডেস্কঃ
আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে বেকসুর খালাস দিয়েছে দিল্লির রাউস অ্যাভেনিউ আদালত। তবে শুধু মুক্তিই নয়, এই মামলায় সিবিআই-এর এক তদন্তকারী আধিকারিকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। ওই আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ আসতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে একহাত নিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
সামাজিক মাধ্যম এক্সে (X) বিজেপি এবং সিবিআই-কে সরাসরি আক্রমণ করে মহুয়া লেখেন, “বিজেপির সুরে নাচ বন্ধ করুক সিবিআই। লিপস্টিক বা স্কার্ফের মতো তুচ্ছ বিষয়ের ওপর ভিত্তি করে জাল চার্জশিট দাখিল করা থেকে সিবিআই-এর সাবধান হওয়া উচিত। কারণ শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়।” আদালতের এই রায়কে হাতিয়ার করে কেন্দ্রীয় এজেন্সির নিরপেক্ষতা নিয়ে ফের সরব হলেন এই কৃষ্ণনগরের সাংসদ।

