লেটেস্ট নিউজ

কেন্দ্রীয় বাহিনীকে ঝাঁটাপেটার নিদান! বিতর্কে বিধায়ক – এবেলা

এবেলা ডেস্কঃ

ভোটের দামামা বাজার আগেই উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার রাজনৈতিক ময়দান। কেন্দ্রীয় বাহিনীকে সরাসরি ‘ঝাঁটাপেটা’ করার নিদান দিয়ে এক চরম বিতর্কের জন্ম দিলেন বাসন্তীর তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল। তাঁর এই বিস্ফোরক মন্তব্য ঘিরে ইতিমধ্য়েই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।

সম্প্রতি একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর অতি-সক্রিয়তা নিয়ে সরব হন বিধায়ক। তিনি অভিযোগ করেন যে, সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি করতেই ভোটের অনেক আগে থেকে এলাকায় এলাকায় বাহিনী পাঠানো হচ্ছে। শ্যামল মণ্ডলের দাবি, এটি আসলে এক ধরণের ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’। তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদের সাধারণ নাগরিককে ভয় দেখানোর জন্য এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করার লক্ষ্যেই এই কেন্দ্রীয় বাহিনীকে পাঠানো হয়েছে। যদি অন্যায়ভাবে এই বাহিনী সাধারণ নাগরিকদের ওপর কোনো রকম অত্যাচার চালায়, তবে গ্রাম বাংলার মেয়েরা চুপ করে ঘরে বসে থাকবে না। তারা ঝাঁটা হাতে নিয়ে রাস্তায় নামবে এবং প্রয়োজন হলে কেন্দ্রীয় বাহিনীকে ঝাঁটাপেটা করে যোগ্য জবাব দেবে।”

বিধায়কের এই মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে বিরোধী শিবিরের অন্দরে। রাজনৈতিক মহলের মতে, একজন জনপ্রতিনিধি হয়ে খোদ কেন্দ্রীয় বাহিনীকে মারধরের প্ররোচনা দেওয়া অত্যন্ত বিপজ্জনক এবং অসাংবিধানিক। এই ঘটনায় নির্বাচন কমিশনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন বিরোধীরা। ভোটের মুখে বাহিনীর ওপর এমন আক্রমণাত্মক মেজাজ কি শেষ পর্যন্ত শাসক দলের জন্য বুমেরাং হয়ে দাঁড়াবে? এখন সেটাই দেখার অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *