লেটেস্ট নিউজ

কেরল হাইকোর্টে চরম ভর্ৎসনা খেয়ে পিছু হটল ‘কেরালা স্টোরি ২’ – এবেলা

এবেলা ডেস্কঃ

বিতর্কিত ছবি ‘কেরালা স্টোরি’-র সিক্যুয়েল নিয়ে বড়সড় ধাক্কা খেলেন নির্মাতারা। কেরল হাইকোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়ে শেষ পর্যন্ত ‘কেরালা স্টোরি ২’ ছবির টিজার প্রত্যাহার করে নিতে বাধ্য হলেন তাঁরা। এই ঘটনাকে কেন্দ্র করে বিনোদন জগৎ ও রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে।

শুনানি চলাকালীন বিচারপতি বেণু কুরিয়ান থমাস নির্মাতাদের উদ্দেশ্য করে অত্যন্ত কড়া মন্তব্য করেন। আদালতের পর্যবেক্ষণ, এই ধরনের ছবি ঘিরে কেরলের সাধারণ মানুষের মনে যে গভীর উদ্বেগ ও সংশয় তৈরি হয়েছে, তাকে কোনোভাবেই উপেক্ষা করা যায় না। বিচারপতি স্পষ্টভাবে জানান, ছবির নামের সাথে একটি নির্দিষ্ট রাজ্যের নাম জড়িয়ে দেওয়া হচ্ছে এবং দাবি করা হচ্ছে যে এটি ‘সত্য ঘটনা অবলম্বনে তৈরি’। এই ধরনের উপস্থাপনা জনমানসে মারাত্মক বিভ্রান্তি ও ভুল ধারণা ছড়িয়ে দিতে পারে বলে আদালত আশঙ্কা প্রকাশ করেছে।

হাইকোর্টের এই কড়া মনোভাব আঁচ করতে পেরেই নির্মাতারা কৌশলগতভাবে পিছু হঠার সিদ্ধান্ত নেন এবং বিতর্কিত টিজারটি সরিয়ে ফেলেন। নাম ব্যবহার করে একটি বিশেষ জনপদ বা রাজ্যকে কালিমালিপ্ত করার যে অভিযোগ বারবার এই ছবির ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে উঠছে, আদালতের এই হস্তক্ষেপ সেই বিতর্ককে আরও উসকে দিল। আপাতত ছবিটির ভবিষ্যৎ এবং এর বিষয়বস্তু পরিবর্তন করা হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা বজায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *