কেরলকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়নের মেজাজে আইএসএল শুরু করল মোহনবাগান – এবেলা
এবেলা ডেস্কঃ
কেরল ব্লাস্টার্সকে ২-০ গোলে হারিয়ে আইএসএল অভিযানে দাপুটে সূচনা করল মোহনবাগান সুপার জায়েন্ট। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখে সবুজ-মেরুন ব্রিগেড। ম্যাচের ৩৬ মিনিটে দিমিত্রি পেত্রাতোসের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন জেমি ম্যাকলরেন। বিরতির আগে পর্যন্ত দাপট দেখালেও কেরল রক্ষণ ও গোলরক্ষক সচিন সুরেশ বেশ কিছু নিশ্চিত গোল আটকে দেন।
দ্বিতীয়ার্ধেও আধিপত্য বজায় রাখে সের্জিও লোবেরার ছেলেরা। ম্যাচের একদম শেষলগ্নে কর্নার থেকে দর্শনীয় হেডে ব্যবধান দ্বিগুণ করেন টম অলড্রেড। অন্যদিকে, স্বল্প সময়ের প্রস্তুতিতে নামা কেরল ব্লাস্টার্স সেভাবে প্রতিরোধ গড়তে ব্যর্থ হয়। ডেভিড কাতালার দল শেষদিকে কিছু সুযোগ তৈরি করলেও তা গোল করার জন্য যথেষ্ট ছিল না। ফলে পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে মোহনবাগান।

