কেরলের নামবদল: বিজেপি-সিপিএম আঁতাতের অভিযোগে সরব মমতা, দাবি তুললেন ‘বাংলা’র
কেন্দ্রীয় মন্ত্রিসভা কেরলের নাম পরিবর্তন করে ‘কেরলম’ করার প্রস্তাবে অনুমোদন দেওয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, কেরলে বিজেপি ও সিপিএমের মধ্যে এখন ‘লিখিত আঁতাত’ তৈরি হয়েছে বলেই এই অনুমোদন দ্রুত মিলেছে। কেরলবাসীকে অভিনন্দন জানালেও পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের দাবি উপেক্ষা করায় কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হন তিনি।
মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের নাম ‘বাংলা’ করার প্রস্তাব বিধানসভায় একাধিকবার পাশ হলেও কেন্দ্র তা আটকে রেখেছে। বর্ণানুক্রমিক তালিকায় শেষে থাকায় প্রশাসনিক বৈঠক থেকে শুরু করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় রাজ্যের ছাত্রছাত্রীদের সমস্যায় পড়তে হয়। তাঁর দাবি, রাজ্য সরকার কেন্দ্রের চাহিদা মতো সব ভাষায় অভিন্ন নাম প্রস্তাব করলেও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তা কার্যকর করা হচ্ছে না।
অন্য কোনো রাজ্যের নাম পরিবর্তনে আপত্তি নেই জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেন যে, বর্তমান সরকার বাংলাবিরোধী মনোভাব পোষণ করছে। তবে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করেন, আজ হোক বা কাল, রাজ্যের নাম ‘বাংলা’ করার দাবি তিনি আদায় করেই ছাড়বেন। সাংবিধানিক জটিলতার অজুহাতে বাংলাকে বঞ্চিত রাখা মেনে নেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

