কোটি টাকার বিছানা! ঘোড়ার চুলে তৈরি বিশ্বের সবচেয়ে দামি ম্যাট্রেসের গোপন তথ্য – এবেলা

এবেলা ডেস্কঃ
বিছানার গদি কেনার সময় আরাম, স্থায়িত্ব বা বাজেট দেখাটাই স্বাভাবিক। কিন্তু একটিমাত্র ম্যাট্রেসের দাম যে প্রায় ৭.৩ কোটি টাকা (১.৭ মিলিয়ন মার্কিন ডলার) হতে পারে, তা কল্পনা করাও কঠিন! আকাশছোঁয়া দাম এবং অনন্য নির্মাণশৈলীর কারণে সম্প্রতি বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে সুইডেনের বিখ্যাত বেডিং কো ম্পা নি ‘হ্যাসটেন্স’ (Hästens)-এর একটি গদি।
কো ম্পা নির সবচেয়ে বিলাসবহুল এই মডেলটির নাম ‘গ্র্যান্ড ভিভিডাস’। এটি তৈরির পেছনে রয়েছে দীর্ঘ ১৭০ বছরের ঐতিহ্য। ১৮৫২ সালে পেহর অ্যাডলফ জ্যানসনের হাত ধরে গড়ে ওঠা এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি আজও জ্যানসন পরিবারের পরবর্তী প্রজন্মের মাধ্যমেই পরিচালিত হচ্ছে।
এটি কেবল সাধারণ কোনো ঘুমের গদি নয়, বরং একটি সম্পূর্ণ রাজকীয় বেডিং সেট। কারখানায় যন্ত্রের সাহায্যে গণ-উৎপাদনের পরিবর্তে এটি সম্পূর্ণ হাতে তৈরি করা হয়। প্রতিটি ‘গ্র্যান্ড ভিভিডাস’ ম্যাট্রেস তৈরি করতে দক্ষ কারিগরদের প্রায় ৬০০ ঘণ্টা বা টানা ২৫ দিন সময় লাগে।
তবে এই ম্যাট্রেসের আসল রহস্য লুকিয়ে আছে এর কাঁচামালে। এতে কোনো ধরনের সিন্থেটিক ফোম ব্যবহার করা হয় না। তার বদলে ব্যবহার করা হয় সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান—যেমন ঘোড়ার লেজের চুল, খাঁটি উল, তুলা এবং শণ। ঘোড়ার চুল ব্যবহারের বিষয়টি শুনতে অদ্ভুত লাগলেও, এটি শরীরের সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে এবং দীর্ঘস্থায়ী নরম অনুভূতি বজায় রাখতে দারুণ কার্যকর। মূলত চরম আরামদায়ক ঘুম এবং বিলাসবহুল জীবনযাত্রাকে নতুন মাত্রা দিতেই তৈরি করা হয়েছে এই অনন্য রাজকীয় ম্যাট্রেস।
